‘সড়ক কই দেকলাইন সবডাই তো গাতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য মাত্র ১৬ কিলোমিটার সড়ক পাড়ি দিতে প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে যন্ত্রণা ভোগ করতে হয়। সংশ্লিষ্ট ঠিকাদার সময়মতো সড়ক মেরামতের কাজ শুরু না করায় ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। সড়কের ওপরের বিটুমিন, পাথর ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইলে কেউ কেউ বলেন, ‘সড়ক কই দেকলাইন? সবডাই তো গাতায় ভরা। গাতা কইলেও জুইত অয় না। মনে অয়, এহেকটা গাতা ছুডু দিঘি। গাতার মধ্যে বাস পড়লে বাসের যাত্রীরা নাইম্যা বাস ঠেলাঠেলি করে।’ নান্দাইল চৌরাস্তায় স্থাপিত ঠিকাদারি-প্রতিষ্ঠানের বিলবোর্ডে লিখিত তথ্য এবং সড়ক ও জনপথ (সওজ) নান্দাইল উপবিভাগীয় ও কিশোরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের আওতায় সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে তিন ভাগে দরপত্র আহ্বান করে তিনটি ঠিকাদারি-প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত আইটিসিএল, ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইল চৌরাস্তা পর্যন্ত আরসিএল এবং নান্দাইল থেকে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক নির্মাণের দায়িত্ব পায় সিজিসি, আরসি জয়েন্টভেঞ্চার চায়না জিইও ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রতিষ্ঠানটি নান্দাইল চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের কাজ ২০০৮ সালের ২৫ জুন থেকে শুরু করে ২০১১ সালের ২৪ জুনের মধ্যে শেষ করার কথা। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, এখন পর্যন্ত সড়কের কিছু কালভার্ট প্রশস্তকরণ ও কিছু অংশে মাটি ভরাটের কাজ ছাড়া আর কোনো কাজ করা হয়নি। ভাঙাচোরা এ সড়কে প্রতিনিয়ত ভারী যানবাহন চলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত আরও বড় হয়েছে। গত মঙ্গলবারের ঝড়বৃষ্টির পর সড়কের অবস্থা একেবারে নাজুক হয়ে পড়ে। গতকাল বুধবার সকালে সড়কের আমলিতলা থেকে অরণ্যপাশা পর্যন্ত আড়াই কিলোমিটার অংশে যানজট দেখা দেয়। নান্দাইল বাসস্ট্যান্ডে দেড় ঘণ্টা কিশোরগঞ্জের বাসের জন্য অপেক্ষা করছিলেন পল্লিচিকিৎসক মজনু মিয়া। তিনি জানান, ঘরের কাছে কিশোরগঞ্জ যাওয়াটা খুবই কঠিন হয়ে পড়েছে। এর চেয়ে নান্দাইল থেকে ঢাকা যাওয়া বরং সহজ। কিশোরগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশল কার্যালয়ের একটি সূত্র জানায়, সড়কটি পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যানবাহন চলাচলের উপযোগী রাখার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারি-প্রতিষ্ঠানের। হোসেনপুরে অবস্থিত ঠিকাদারি-প্রতিষ্ঠান চায়না জিইও ইঞ্জিনিয়ারিং কোম্পানির কার্যালয়ে গেলে প্রকল্পের উপপরিচালক এরিক বলেন, ‘মহাসড়কটিতে এখনো অনেক গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরানো হয়নি। এসব গাছের মালিকানা নিয়ে মামলাও রয়েছে। কিছু দিনের মধ্যেই পুরোদমে সড়কের কাজ শুরু করার কথা ভাবছি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে এ সড়কে যানবাহন চলাচলের উপযোগী রাখার দায়িত্ব ঠিকাদারি-প্রতিষ্ঠানের নয়।