'সড়ক কই, সবডাই তো গাতায় ভরা'

‘আফনে সড়ক কই দেখলাইন, সবডাই তো গাতায় (গর্ত) ভরা। এই গাতার মদ্যে চিত-কাইত অইয়া চলতাছি। আমরার চলাচলের কষ্ট দেহনের লাইগ্যা কেউ তো আইয়ে না। আফনে কেডা আগে এইডা কওহাইন।’
ঈশ্বরগঞ্জ-কুমারুলী সড়কের দুরবস্থা নিয়ে এ প্রতিবেদকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী গ্রামের ইজিবাইকচালক মো. ওবায়দুল হক (৩৫)। তিনি ঈশ্বরগঞ্জ-কুমারুলী সড়ক দিয়ে ছয় বছর ধরে ইজিবাইক চালান। তিনি আরও বলেন, ছয় বছর আগে সরকারি লোকজন এসে সড়কটি মাপজোখ করে গেছেন। কিন্তু অদ্যাবধি সড়কটি সংস্কার করা হয়নি। সড়কের দুরবস্থার কারণে নান্দাইলের উত্তর-পশ্চিম এলাকার কয়েকটি গ্রামের ও ঈশ্বরগঞ্জের তিনটি ইউনিয়নের হাজারো মানুষ ওবায়দুল হকের মতো নিত্যদুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের হেমগঞ্জ বাজার থেকে একটি পিচঢালা সড়ক ঈশ্বরগঞ্জের দত্তগ্রাম বাজারে গিয়ে মিশেছে। আবার দত্তগ্রাম বাজার থেকে ওই সড়কটি ঈশ্বরগঞ্জের কুমারুলী বাজার হয়ে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে গিয়ে সংযুক্ত হয়।
কুমারুলী গ্রামের প্রায় ১৫-২০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়ক দিয়ে নান্দাইল সদর ইউনিয়নের লোকজন ও ঈশ্বরগঞ্জের মাইজবাগ, আঠারবাড়ি, জাটিয়া ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করে।
তারা এসব এলাকার উৎপাদিত কৃষি, মৎস্য ও পোলট্রি পণ্য দেশের বিভিন্ন মোকামে পাঠানোর জন্য এই সড়কটি ব্যবহার করে। ফলে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।
বর্তমানে সড়কের বিভিন্ন স্থানের বিটুমিন, পাথর উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। দুই পাশ ভেঙে গিয়ে সড়কটির কোনো কোনো অংশ সরু হয়ে গেছে। ফলে সড়কে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
ওই সড়কের বাঘজুড়ী খালের বেইলি সেতুর ওপর বসা কলেজছাত্র মো. ওয়াদুদ মিয়া বলেন, সড়কের বেহাল দশায় প্রতিদিন শত শত মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। মো. আবদুল হাই (৬৫) বলেন, ‘কি কইয়াম, আমরার কষ্ট কেউ দেহে না বাবা।’
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সম্প্রতি প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের মেয়াদেই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, গ্রামীণ সড়কগুলো জিওবির (সরকারি বরাদ্দ) তহবিল দ্বারা বাস্তবায়ন করা হয়ে থাকে। জিওবির বরাদ্দ পাওয়া গেলে তখন উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ—এই ক্রমে অগ্রাধিকার বিবেচনা করা হয়। ওই বিবেচনায় সড়কটি মেরামত বা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল বলেন, সড়কটি সংস্কারের একটি প্রস্তাব পাঠানো হয়েছে।