সড়ক দুর্ঘটনাকে এ মুহূর্তে সবচেয়ে বড় দুর্ভাবনা হিসেবে উল্লেখ করেছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, দেশের ১৬ কোটি মানুষের উদ্বেগের বিষয় সড়ক দুর্ঘটনা। একক কোনো মন্ত্রণালয় কিংবা কর্তৃপক্ষের পক্ষে এই উদ্বেগ দূর করা সম্ভব নয়। তবে সম্মিলিত প্রয়াসে তা সমাধান অসম্ভব নয়। গতকাল রোববার রেল ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সভাটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল। ওবায়দুল কাদের জানান, তিনি গত শনিবার মাওয়ায় গিয়ে ৬০টি গাড়ির চালকের লাইসেন্স পরীক্ষা করে ১০ জন ভুয়া লাইসেন্সধারী পান। তিনি বলেন, ‘সভা-সেমিনার করে লাভ নেই, যদি কাজ না হয়। আমি এখন মাঠে কাজ করব।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সড়ক দুর্ঘটনা এখন আতঙ্কের নাম। এর জন্য জনসচেতনতার বিকল্প নেই। সাংসদ তারানা হালিম বলেন, ‘আমরা নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করি মানুষের জীবন রক্ষার্থে। আমরা কারও প্রতিপক্ষ নই।’নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, যথাযথ আইনের প্রয়োগ নেই বলেই ভুয়া লাইসেন্সধারীরা বেপরোয়া। ফিটনেসবিহীন যানবাহন চলাচলও বাড়ছে আইনের প্রয়োগ না থাকায়। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী চালকদের ঘাতক বলার বিষয়ে আপত্তি তোলেন। গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, সব চালককে ঘাতক বলা হয় না। অনেক কারণে দুর্ঘটনা হতে পারে। তবে বেশির ভাগ দুর্ঘটনায় ঘটে চালকের কারণে। তাই চালকের বিরুদ্ধে সমালোচনা বেশি হয়। অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী বলেন, কোনো দুর্ঘটনা চালকের কারণে ঘটলে ওই চালককে ঘাতক বলা অন্যায় হবে না। বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসা বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টিতে নাগরিক সমাজ ভূমিকা রাখতে পারে। তবে মূল পৃষ্ঠপোষকতা করতে হবে সরকারকেই। এসব বক্তব্য শুনে ওবায়দুল কাদের বলেন, ‘চালকের দোষে দুর্ঘটনা হলে চালক ঘাতক; সড়ক খারাপ হওয়ার কারণে হলে যারা সড়ক নির্মাণ করেছে তারা ঘাতক। যানবাহনের মালিকের কারণে দুর্ঘটনা হলে মালিক ঘাতক।’ সভায় জানানো হয়, বিদ্যমান মোটরযান আইন পরিবর্তন করে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের জন্য আইনটি এ সপ্তাহে ওয়েবসাইটে দেওয়া হবে। এ ছাড়া পেশাদার চালকদের প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং বেসরকারি পর্যায়ে চালকদের প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের সিদ্ধান্ত হয় সভায়। সভায় সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।