'সড়ক দুর্ঘটনা বন্ধ না হলে দরিদ্রতা দূর হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বক্তব্য রাখেন l ছবি: প্রথম আলো
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বক্তব্য রাখেন l ছবি: প্রথম আলো

সড়ক দুর্ঘটনা বন্ধ না হলে দরিদ্রতা দূর হবে না। একটি সচ্ছল পরিবারও সড়ক দুর্ঘটনার কারণে দরিদ্র হয়ে যেতে পারে।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৪ এবং জাহানারা কাঞ্চনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৩ সালে সংবাদপত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাত হাজারের বেশি লোক নিহত ও ১২ হাজারের মতো আহত হয়েছে। এবারের ঈদের সময়ও শতাধিক মানুষ নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, এটা মানুষের মাধ্যমে সৃষ্ট সমস্যা। মালিক, চালক, সরকার ও জনগণ সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
সরকারের দেওয়া সমীক্ষা দেশের সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র প্রকাশ করে না উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১১ সালে জাতিসংঘ সদস্যদেশগুলোকে সড়ক দুর্ঘটনার হার ৫০ ভাগ কমিয়ে আনতে বলেছে। আমাদের সরকারও সে অনুযায়ী হিসাব দেখিয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, ২০১২ সালে সড়ক দুর্ঘটনার হার ছিল চার হাজার, আর ২০১৩ সালে দুর্ঘটনার হার দেখানো হয়েছে দুই হাজার। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে সড়ক, আইন, শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট। এগুলোর প্রতিটির জন্য রয়েছে আলাদা মন্ত্রণালয়। সমন্বয়ের অভাবের কারণেরও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই সড়ক দুর্ঘটনা রোধে উচ্চপর্যায়ের একটি বিভাগ থাকতে হবে, যেখানে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার, চিকিৎসা, ক্ষতিপূরণসহ সব ব্যবস্থা থাকবে। এ কারণে এডিবি সব বিভাগের সচিবদের নিয়ে এ ধরনের বিভাগ প্রতিষ্ঠায় সহযোগিতার প্রস্তাব করেছে, কারণ তারা চায় উন্নয়নশীল দেশের দারিদ্র্য দূরীকরণ ও দীর্ঘস্থায়ী উন্নতি।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৪ এবং জাহানারা কাঞ্চনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ওই দিন বেলা ১১টায় নিসচার উদ্যোগে কেন্দ্রীয়ভাবে তাঁদের প্রধান কার্যালয় ৭০ কাকরাইলের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা শেষে সমাপনী সমাবেশ, দুপুরে বনানীতে জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বিকেলে বাদ আসর মিলাদ মাহফিল। একইভাবে দেশব্যাপী নিসচার ৬০টি শাখার উদ্যোগে স্থানীয়ভাবে একই সময় শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।