'সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক উদ্যোগ জরুরি'
কিশোরগঞ্জ ও ভৈরবে গতকাল বৃহস্পতিবার নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
আলোচনা সভা, সমাবেশ ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল সকালে কিশোরগঞ্জ শহরে শোভাযাত্রা বের করা হয়। এটি ঐতিহাসিক রঙমহল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শেষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো.মতিউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো.জামাল উদ্দিন, নিসচার কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
নিসচার ভৈরব শাখার উদ্যোগে স্থানীয় এমপি বালিকা উচ্চবিদ্যালয় সড়ক থেকে শোভাযাত্রা বের হয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গিয়ে শেষ হয়। এত নেতৃত্ব দেন কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন খান। এর আগে সকালে এমপি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে নিসচার সভাপতি এস এম বাকি বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, এস এম মোস্তাইন হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, আমাদের দেশের সড়ক ও মহাসড়ক কোনোটিই এখন আর নিরাপদ নয়। এই নিয়ে অনেক কথা হচ্ছে। তারপরও কাঙ্ক্ষিত ফল আসছে না। তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। সমস্যাটি জাতীয়। তাই এ সমস্যা সমাধানে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। এ জন্য সামাজিক উদ্যোগ নেওয়াটাও জরুরি হয়ে পড়েছে।