'সড়ক দুর্ঘটনায় আর একটি মৃত্যুও নয়'
দুর্বল আইনের কারণে একশ্রেণির চালক রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালান। এতে প্রতিদিনই সড়কে ঝরে পড়ছে একের পর এক তাজা প্রাণ। রাস্তায় নাগরিকদের নিরাপত্তা দিতে সরকারের উচিত আরও কঠোর আইন বিধান করা। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
ঈদুল আজহার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী জাহিন ফাইয়াজ হকের মৃত্যুর ঘটনায় এ মানববন্ধনের উদ্যোগ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, লাইসেন্স ও প্রশিক্ষণ না থাকলেও কিছু দায়িত্বজ্ঞানহীন অভিভাবক সন্তানের হাতে গাড়ির চাবি তুলে দেন। অদক্ষ হাতে গাড়ি চালানোর কারণে পথচারীরা যার নির্মম বলি হয়। কেউ যাতে লাইসেন্স ছাড়া রাস্তায় নামতে না পারে সেটি নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রয়োজন। সড়ক দুর্ঘটনায় আর একটি মৃত্যুও নয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম শাখার সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থী সিরাজুল ইসলাম। বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সাবেক সরকারি কৌঁসুলি আবুল হাশেম, নিরাপদ সড়ক চাই-এর চট্টগ্রাম জেলার সভাপতি ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি আবু তৈয়ব, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, যুবলীগ নেতা উদয় কুসুম বড়ুয়া, রাশেদুল আলম, নিহত জাহিনের খালা শামিমা রহমান প্রমুখ।