‘সড়ক নয়, মনে হয় হালচাষের জমি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচ উঠে গিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে ধুলা আর ধুলা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ফলে প্রতিদিন বিভিন্ন যানবাহনের বিপুলসংখ্যক যাত্রী, চালক ও পথচারী দুর্ভোগের শিকার হচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, সড়কের ধোপাগুল, ছালিয়া, সালুটিকর, তৈমুরনগর, পারুয়া, ভোলাগঞ্জ, বর্ণি, কাটাখাল, খাগাইল এলাকাসহ কমপক্ষে ১০ কিলোমিটার অংশে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। তাই সড়কটিকে পাকা সড়ক বলে মনে হয় না।এলাকাবাসী জানান, সর্বশেষ গত বছরের মে মাসে সড়কটির কিছু অংশে সংস্কারকাজ হয়। কিন্তু সেই অংশও ভেঙেচুরে গেছে। সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। কিন্তু কোনো কাজ হয়নি। কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের শাহ মো. জামাল উদ্দিন বলেন, ‘এটি সড়ক নয়, দেখলে মনে হয় হালচাষের জমি। বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে।’ট্রাকচালক নূর মিয়া জানান, পেটের দায় না থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই সড়কে ট্রাক চালাতেন না। সব সময় দোয়া-দরুদ পড়ে গাড়ি চালান তিনি। গতকাল মঙ্গলবারও দুটি ট্রাক এই সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানান তিনি।অটোরিকশাচালক আসলাম আলী বলেন, ‘এই সড়কে টিফ নিয়া আইতাম চাই না। আইলে খানাখন্দে পইড়া চাকা পাংচার হইয়া যায়। তাই বেশি ট্যাকা পাইলে টিফ নিয়া আই। যদিও গাড়ি সাবধানে চালাইতে হয়।’আজগর মিয়া নামের এক বাসযাত্রী বলেন, গাড়িতে উঠলে ঝাঁকুনিতে শরীরে ব্যথা উঠে যায়। এ ছাড়া সড়কজুড়ে ধুলা। গাড়ির জানালা লাগিয়েও ধুলা থেকে নিস্তার পাওয়া যায় না। আর দুর্ঘটনার আতঙ্ক তো রয়েছেই।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রতিদিন সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে ট্রাক, বাস, অটোরিকশাসহ কমপক্ষে দেড় হাজার যানবাহন চলাচল করে। দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি ভোলাগঞ্জে যাতায়াতের জন্য এটিই একমাত্র রাস্তা হওয়ায় এ সড়কে বিপুলসংখ্যক মালবাহী ট্রাক চলাচল করে। এ সড়ক দিয়ে ১০ মেট্রিক টন মাল নিয়ে ট্রাক চলাচল করার কথা। অথচ চলাচল করে ৪০ থেকে ৬০ মেট্রিক টন মালবোঝাই ট্রাক।সওজের কর্মকর্তারা জানান, গত সোমবার ঢাকায় পরিকল্পনা কমিশনের সঙ্গে সওজ সিলেটের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা হয়। এতে ওই সড়ক সংস্কারের পর ঘন ঘন সড়কটি ভেঙে যাওয়ার কারণ অনুসন্ধানের জন্য সড়কের মাটি পরীক্ষা করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা সওজ কর্মকর্তাদের সড়কটি পুনঃসংস্কারের জন্য নকশা তৈরি করে সেটি জমা দেওয়ার নির্দেশ দেন।সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহেতাশাম রাশেদ বলেন, পরিকল্পনা কমিশনে সড়কটির সংস্কারের ব্যাপারে আলোচনা হচ্ছে। শিগগির সড়কটি সংস্কারের জন্য নকশা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।