‘সড়ক নয় নরক!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শাহবাজপুর গ্রামের রামচন্দ্র সাহা (৭০) অসুস্থ হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। স্বজনেরা তাঁকে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু চার ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার মির্জাপুর পর্যন্ত পৌঁছাতে পারেন। কারণ, অ্যাম্বুলেন্সের সামনে-পেছনে ছিল তীব্র যানজট। রামচন্দ্রের অবস্থার আরও অবনতি ঘটে। বাধ্য হয়ে স্বজনেরা তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার সোহাগ সেনের একটি চাকরির পরীক্ষা ছিল ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। বেলা তিনটায় পরীক্ষা। সোহাগ সকাল সাতটায় টাঙ্গাইল থেকে বাসে রওনা হন। তীব্র যানজট পেরিয়ে বিকেল পাঁচটায় পৌঁছান মতিঝিলে। ততক্ষণে পরীক্ষা শেষ।ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটে পড়ে দুর্ঘটনা ও দুর্ভোগের এ দুটি চিত্র নিত্যদিনের। এ ব্যাপারে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, ‘ঢাকায় যাওয়ার কথা মনে হলে ভয় হয়। রওনা হলে কখন পৌঁছাব, তা কেউ বলতে পারে না। যানজটে আটকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। এটি সড়ক নয় যেন নরক।’ট্রাফিক পুলিশ বিভাগ সূত্র জানায়, ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার আগে প্রতিদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে সর্বোচ্চ এক হাজার গাড়ি চলত। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এক ধাপে গাড়ি চলাচলের সংখ্যা বেড়ে তিন হাজার হয়। বর্তমানে প্রতিদিন ২০-২২ হাজার গাড়ি এই রাস্তায় চলছে। অতিরিক্ত গাড়ির চাপে রাস্তাটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সেই সঙ্গে বাড়ছে যানজট।টাঙ্গাইলের এলেঙ্গা (বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের প্রান্ত) থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার রাস্তা সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, পুরো রাস্তাটিই খানাখন্দে ভরা। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিতে খানাখন্দের সংখ্যা আরও বেড়েছে। ফলে গাড়িগুলোকে চলতে হচ্ছে ধীরে। এ জন্য সব সময় গাড়ির জট লেগে থাকছে। টাঙ্গাইল শহর বাইপাস থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কে গত এক বছরে ২২টি গতিরোধক নির্মিত হয়েছে। অপরিকল্পিতভাবে নির্মিত এই গতিরোধক পার হতে গাড়ির সময় লাগে বেশি। খুব দ্রুত মহাসড়কটি সংস্কার করা না হলে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যাবে বলে মনে করেন টাঙ্গাইল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান।টাঙ্গাইল বাস-কোচ মালিক সমিতির সভাপতি খন্দকার নাজিম উদ্দিন বলেন, খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে গাড়িগুলোর অনেক ক্ষতি হচ্ছে। আগে যেখানে একটি গাড়ি ঢাকায় একাধিকবার যাতায়াত করত, সেখানে যানজটের কারণে একবারের বেশি যাওয়া যাচ্ছে না।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, প্রতিদিন এই সড়কের যানজট নিরসনে পুলিশকে হিমশিম খেতে হয়। সড়কটি মেরামত না করলে ঈদে ঘরমুখো মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হবে।এই অবস্থায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কটি চার লেনে উন্নীত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। তিনি বলেন, মহাসড়কটি চার লেন না করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারও একই মত প্রকাশ করে বলেন, ঈদ সামনে রেখে মহাসড়কের গতিরোধকগুলো তুলে দেওয়া হবে। অপরদিকে দুর্ঘটনায় কবলিত বা বিকল হওয়া যানবাহন দ্রুত সরানোর জন্য পুলিশ সদর দপ্তর থেকে একটি রেকার সরবরাহ করা হয়েছে। এই রেকার ব্যবহার করে বিকল যানবাহন সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা অনেক সহজ হবে।টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, বৈদেশিক সাহায্যপুষ্ট একটি প্রকল্পের আওতায় দুই লেনের এই মহাসড়কটি চার লেনে উন্নীত করার ব্যাপারে যাচাই-বাছাই করা হচ্ছে।