‘সড়ক হত্যা’ বন্ধের দাবিতে দিনে অনশন সন্ধ্যায় প্রত্যাহার
কঠোর আইন করে বিশৃঙ্খল সড়কব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং ‘সড়ক হত্যা’ বন্ধের দাবিতে জেনারেল টিচার্স সোসাইটির আমরণ অনশন গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। গতকাল সকাল ১০টায় অনশন শুরু করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে তাঁর সহকারী একান্ত সচিব খন্দকার তারেক রায়হান অনুষ্ঠানস্থলে এসে অনশনকারীদের জানান, সড়ক দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে এবং এটি আরও কঠোর করা হবে। এরপর অনশন প্রত্যাহার করে নেওয়া হয়। বিকেলে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ শহীদ মিনারে গিয়ে অনশনকারীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম খান, তারেক মাসুদের ছোট ভাই নাহিদ মাসুদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যায় আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক প্রথম আলোকে জানান, যোগাযোগমন্ত্রী ঢাকার বাইরে অবস্থান করায় আসতে পারেননি বলে তাঁদের জানানো হয়েছে। মন্ত্রীর প্রতিনিধির আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।