সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরের মৃত্যুতে মানিকগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, প্রতিদিন সড়কে মানুষ খুন হচ্ছে। এ প্রবণতা থামাতে হবে। ‘নিরাপদ সড়ক চাই’—এ দাবিতে গতকাল রোববার প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা ওই দুই স্থানে মানববন্ধনের আয়োজন করেন। একই দাবিতে পাবনাতেও মানববন্ধন পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: মানিকগঞ্জ: বেলা সাড়ে ১১টায় বন্ধুসভার সদস্য ও স্থানীয় লোকজন হাতে হাত ধরে মহাসড়কের পাশে দাঁড়ান। এ সময় বন্ধুসভার উপদেষ্টা বিমল রায় বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। আর এসব দুর্ঘটনার ফলে অকালেই ঝরে পড়ছে অনেক মূল্যবান প্রাণ। এ অবস্থা চলতে দেওয়া যায় না। আইনের সঠিক প্রয়োগ থাকলে চালকেরা অবশ্যই সতর্ক থাকতেন। তাতে দুর্ঘটনাও কমে যেত। তিনি দুর্ঘটনার হার কমাতে ঢাকার সাভারের নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কে রোড ডিভাইডার নির্মাণের দাবি জানান।দুর্ঘটনার হার কমিয়ে আনতে বর্তমানে প্রচলিত আইনকে সংস্কার করে দায়ী চালকদের মৃত্যুদণ্ডের বিধান রাখার দাবি জানান মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমান। বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহাবুব আলম বলেন, অধিকাংশ চালকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, নেই তাঁদের গাড়ি চালানোর উপযুক্ত প্রশিক্ষণ।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গত শনিবারের দুর্ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে সড়কের ওপর বসে এক মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বন্ধুসভার সদস্যরা।ফরিদপুর: ‘দেশের সুশীল সমাজ আজ এক গভীর হতাশার মধ্যে পড়েছে। আমাদের জীবনের নিরাপত্তা বলতে গেলে নেই। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমরা প্রতিকার করতে পারছি না। আমরা কিছু অশিক্ষিত লোকের হাতে জিম্মি হয়ে পড়েছি।’ কথাগুলো বলেছেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার বলেন, ‘সবার আগে যাওয়ার চেষ্টা ও ওভারটেকিং সড়ক দুর্ঘটনার বড় কারণ। আমাদের অসর্তকতা ও আমরা আইন না মানার কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে।’নাট্যব্যক্তিত্ব বিপ্লব বালা বলেন, ‘একটা অভিশপ্ত দেশে আমরা বাস করছি। সড়কে প্রতিদিনই মানুষ খুন হচ্ছে। খুন হওয়ার পর আমরা বুঝতে পারছি মানুষগুলো বেঁচে ছিল। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে এই প্রবণতা থামাতে হবে।’মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সভাপতি নূর মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, সচেতন নাগরিক কমিটির আলতাফ হোসেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী আরজু করিম, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুন্সী মোহাম্মদ আলী, ফরিদপুর থিয়েটারের সভাপতি কাজী আমীরুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় বন্ধুসভার উপদেষ্টা বি এম আলাউদ্দীন, অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সাহিত্য সম্পাদক রেজাউল ইসলাম।পাবনা: দুপুর ১২টার দিকে শহরের আবদুল হামিদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সর্বস্তরের লোকজন অংশ নেয়। মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিরাপদ সড়ক চাই আন্দোলন, পাবনা ড্রামা সার্কেল, উত্তরণ সাহিত্য আসর, পাথফাইন্ডার ও সৎসঙ্গ পল্লী কল্যাণ সমিতিসহ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়। ৪৫ মিনিটের মানববন্ধনে কৃষিবিদ জাফর সাদেক বলেন, ‘বাস-ট্রাকের ঘাতক চালকদের কাছে আমরা জিম্মি হয়ে পড়ছি। হারিয়ে ফেলছি জীবনের নিরাপত্তা। ঘর থেকে বের হলে এখন আতঙ্কে থাকি। মনে হয়, কখন কোনদিক থেকে চাপা পড়ি। আমরা এ অবস্থার পরিবর্তন চাই।’পাবনা বন্ধুসভার সভাপতি শামসুন্নাহার বর্ণা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমরা দেশের মহামূল্যবান সম্পদগুলো হারাচ্ছি। তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো দুজন প্রতিভাকে হারিয়ে শূন্যতা অনুভব করছি। আমরা জীবনের নিরাপত্তা চাই।’ নিরাপদ সড়ক চাই আন্দোলন, ‘পাবনা জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন বলেন, নিরাপদ সড়কের দাবিতে আমাদের আন্দোলন চলবে। আর যেন একটি প্রাণও অকালে না ঝরে যায়।’