‘হকল সময় পেটো ভাত পড়ে না’
‘গরর (ঘরে) ভিতরে কমর পানি। পরিবার ও নয় বাইচ্চা (সন্তান) লইয়া নৌকাত থাকি। কোন মতে বাঁচিয়া আছি। হকল (সব) সময় পেটো ভাত পড়ে না।’ বন্যাকবলিত বসতঘর ছেড়ে পার্শ্ববর্তী রাস্তায় দাঁড়িয়ে এ কথাগুলো বললেন, সিলেটের বালাগঞ্জের নতুন সুনামপুর গ্রামের মৎস্যজীবী আফিজ মিয়া। বালাগঞ্জে বন্যার কবলে পড়ে আফিজ মিয়ার মতো শত শত লোক এখন মানবেতর জীবনযাপন করছেন।জানা যায়, বালাগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, রাস্তাঘাট, হাটবাজার। বন্ধ হয়ে গেছে, দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। উপজেলার ১৪টি ইউনিয়নের দুই শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের অভাবে অর্ধাহার-অনাহারে দিন কাটছে তাদের। বিভিন্ন স্থানে কুশিয়ারা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়কগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, বালাগঞ্জ বাজার এলাকায় দেড় থেকে দুই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। জনদুর্ভোগ চরমে উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বামী-সন্তান নিয়ে করচারপাড় কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পিয়ারুন বেগম বলেন, ‘আমার যাইবার জাগা নাই। এর লাগি ইস্কুলও আইয়া উঠছি।’ বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল নুর বলেন, আমার এলাকার বিভিন্ন গ্রাম এখন পানির নিচে। প্রতিনিয়ত মানুষের কষ্ট বাড়ছে। বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিল আহমদ বলেন, দরিদ্র মানুষের অনেকেরই চুলায় আগুন জ্বলছে না। এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্যই পাইনি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন জানান, উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলম বলেন, ১৫ মেট্রিক টন চাল, নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত সেগুলো বিতরণ করা হবে।