‘হগল সোময় ডরে থায়ি। আব্বা গরিব মানুষ, ভালো স্কুলি পড়তি দেতে পারে না। আপনেরা লেহালেহি হরলে নাকি হগল কিছু অয়। বিল্ডিংডা হইবে তো?’ ঝুঁকিপূর্ণ স্কুল ভবনটি নিয়ে এভাবেই নিজের উদ্বেগ প্রকাশ করল খুলনা নগরের সোনাডাঙ্গা থানার ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নূপুর আক্তার। গত সোমবার বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঁচটি কক্ষের মধ্যে তিনটি কক্ষ ভয়ংকর ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে। এর একটি কক্ষ শিক্ষক রুম এবং অন্য দুটি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। বাকি দুটি কক্ষ তালাবদ্ধ। এসব কক্ষের তালা খুলতেই একটা ভোটকা গন্ধ নাকে এসে লাগে। বৃষ্টির পানিতে সমস্ত মেঝে ছয়লাব। স্যাঁতসেঁতে দেয়াল। ঘরময় ছাদের পলেস্তারা ছড়ানো-ছিটানো। ভবনের দেয়ালে ফাটল। ছাদ হেলে মেঝের দিকে অনেকটা নুইয়ে পড়েছে। প্রধান শিক্ষক তৃপ্তি মল্লিক জানান, ‘বিদ্যালয় ভবনের অবস্থা খারাপ হওয়ায় প্রতিবছর ছাত্রছাত্রী কমে যাচ্ছে। অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন। ফলে এ বছর মাত্র ৭৭ জন শিক্ষার্থী ভর্তি করতে পেরেছি।’ তৃপ্তি মল্লিক আরও বলেন, ‘ভবন সম্পর্কে আমরা ওপরের মহলে অনেকবার জানিয়েছি। কিন্ত এখনো কোনো কাজ হয়নি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহাবুব আলম জানান, বিষয়গুলো আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। আশা করি, শিগগিরই ভবনটির সংস্কারকাজ শুরু করা যাবে।