জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘হচ্ছে, হবে, খুব শিগগিরই হবে’—এমন ভবিষ্যৎকালীন কথা শোনা বিরক্তিকর। তার চেয়ে অতীত ও বর্তমানের কথা শোনালে সবাই আশ্বস্ত হতে পারেন। মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন অপরাধের ঘটনার তদন্ত প্রসঙ্গে গতকাল সোমবার এ মন্তব্য করেন তিনি।
গতকাল সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফ্রান্সের প্যারিসে জঙ্গি হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে অন্তত তিনজনকে শনাক্ত করা গেছে। আমরাও ও রকম দৃষ্টান্ত দেখতে চাই। হবে, হচ্ছে, খুব শিগগির হবে, আমরা সমাধান বের করব—এমন ভবিষ্যৎকালীন কথা বলা আমাদের বড় বিরক্ত করে ফেলেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন অতীত ও বর্তমান কথা শুনতে পারলে আশ্বস্ত হতে পারি। যে কাউকে ধরা হয়েছে, শাস্তি প্রদান করা হয়েছে, শনাক্ত করা হয়েছে এটা আমরা চাচ্ছি। আশা করব যাদের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে, তারা যেন সেই ব্যাপারে সজাগ থাকে।’
প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় না আনা হলে জনমনে কখনো স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মিজানুর রহমান। সিলেটে শিশু রাজন ও খুলনায় শিশু রাকিব হত্যা মামলার বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই দুটি ক্ষেত্রে যে ধরনের দ্রুততার সঙ্গে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়েছে, নারায়ণগঞ্জের ত্বকী হত্যার ক্ষেত্রেও বিচার বিভাগ তার পূর্ণ স্বাধীনতার স্বাক্ষর রাখবে বলে মনে করেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা-বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন মিজানুর রহমান। জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন মজিবুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।