চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫২ থেকে ৫৫ টাকা মাত্র। এ টাকায় তাঁদের সংসার চলে না। ‘হজরি ৩০০ রুপিয়া দেও হই’ (মজুরি ৩০০ টাকা দিতে হবেই)—এ দাবিতে গতকাল রোববার সিলেট ভ্যালির চা-শ্রমিকেরা বাগান ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। চা-শ্রমিকেরা জানান, জীবনযাত্রার ব্যয় ক্রমে বাড়লেও চা-বাগানে শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। মজুরি বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে চা-শ্রমিকেরা সোচ্চার থাকলেও বাগান কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। প্রশাসনিকভাবে এ ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে গতকাল সিলেট অঞ্চলের ২৩টি বাগানের শ্রমিক নেতারা একত্র হন। তাঁরা বেলা ১১টায় মালনীছড়া চা-বাগানের পূজামণ্ডপ প্রাঙ্গণে জমায়েত হয়ে বিশাল লাল পতাকা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি হস্তান্তর শেষে তাঁরা নগরের কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হন। চা-শ্রমিক সংঘ সিলেট ভ্যালির আহ্বায়ক রাধামনি মুন্ডার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষাসৈনিক সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনিরউদ্দিন আহমদ। সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সভাপতি কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নুরুল হুদা, বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট-সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ম কুর্মী বক্তব্য দেন। চা-শ্রমিক সংঘ হিলুয়াছড়া বাগান প্রতিনিধি বিমল গঞ্জু, তারাপুরের রঞ্জন মুদি, কালাগুলের ভাষান চত্রি তাঁদের দূরবস্থার চিত্র তুলে ধরেন এবং মজুরি বৃদ্ধি ছাড়া চা-শ্রমিকদের বাঁচার কোনো বিকল্প নেই বলে জানান। জেলা প্রশাসনে দেওয়া স্মারকলিপিতে সুস্থভাবে বেঁচে থাকা ও উৎপাদন কাজে সক্রিয় থাকার স্বার্থে বর্তমান বাজার দরের সঙ্গে সংগতিপূর্ণ রেখে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণ, এক মাসের বেতনের সমপরিমাণ দুটি উৎসব বোনাস ও একটি উৎসাহ বোনাস, চা-শ্রমিকদের পূর্ণাঙ্গ রেশন, বেতনসহ সাপ্তাহিক ছুটি প্রদান, চা-শিল্পে শ্রম আইন কার্যকর, প্রতিটি বাগানে একজন এমবিবিএস চিকিৎসক, একজন নারী চিকিৎসক (প্রসূতি বিশেষজ্ঞ), প্রশিক্ষিত সেবিকা, অ্যাম্বুলেন্সসহ চা-শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা, চা-শ্রমিক সন্তানদের জন্য বিনা বেতনে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার ব্যবস্থা, প্রতিটি বাগানে কলেজিয়েট স্কুল স্থাপনসহ শ্রমিক সন্তানদের শিক্ষালাভের নিশ্চয়তা ও সিলেটে স্থায়ী শ্রম আদালত স্থাপন করার দাবি জানানো হয়। আট দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন চা-শ্রমিক সংঘ সিলেট ভ্যালির নেত্রী রাধামনি মুন্ডা। মানবিক দিক বিবেচনায় মজুরি বাড়ানোর দাবির দ্রুত বাস্তবায়ন চেয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘হজরি ৩০০ রুপিয়া দেও হই’।