‘হঠাত্ প্রার্থী’, কমিটি হলো না
নাটোর জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত হয়। কিন্তু এক সপ্তাহ পরও নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়নি। স্থানীয় সাংসদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে বকুল সরকার সভাপতি পদে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের ছেলে নজরুল ইসলাম ওরফে ডন সাধারণ সম্পাদক পদে হঠাত্ প্রার্থী হওয়ায় কমিটি ঘোষণা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে বলে ছাত্রলীগের নেতারা মনে করছেন।গত বুধবার নাটোরের বাবু শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, আবদুল কুদ্দুস, জুনাইদ আহমেদ, শেফালী মমতাজ; ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী ও প্রচার সম্পাদক আরিফুর রহমান ওরফে উজ্জ্বল উপস্থিত ছিলেন।সম্মেলনে জেলা ছাত্রলীগের কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি জানান। কিন্তু সকাল থেকে গভীর রাত অবধি সম্মেলন চললেও নেতা নির্বাচন করা যায়নি। কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে জেলা কমিটি ঘোষণার আশ্বাস দেন। দুই-তিন দিনের মধ্যে কমিটি ঘোষণার কথা বলা হলেও গত সাত দিনেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ওরফে ডলার বলেন, ‘সভাপতি পদে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে বকুল সরকার, এন এস কলেজের ছাত্রলীগের নেতা বুলবুল আহমেদ, জিয়া উদ্দিন, হাফিজুর রহমান, মাহবুব হোসেন ও আশরাফুল ইসলাম প্রার্থী হয়েছিলেন। সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সম্পাদক হানিফ আলী শেখের ছেলে নজরুল ইসলাম ওরফে ডন, জেলা কমিটির সাবেক সম্পাদক আবদুল্লাহ আল সাকিব, এন এস কলেজের ছাত্রলীগের নেতা মোহাম্মদ আলী, স্বপন হোসেন ও মিজানুর রহমান প্রার্থী হন। আমরা প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিয়েছি। সংগঠনের গঠনতন্ত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৯ বছর, অবিবাহিত ও ছাত্র হতে হবে। বকুল সরকার ও নজরুল ইসলাম বিবাহিত বলে জানা গেছে। তবে কোনো কিছুই এখনো যাচাই-বাছাই করা হয়নি।’সভাপতি পদপ্রার্থী বুলবুল আহমেদ বলেন, ‘দুই প্রভাবশালী ব্যক্তির ছেলে হঠাত্ করে প্রার্থী হওয়ায় আমরা যারা দীর্ঘদিন ছাত্রলীগ করে আসছি তারা বিব্রতবোধ করছি। আমরা মনে করি, তাদের নিজ নিজ পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই।’ তিনি অভিযোগ করেন, ‘আমাকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছিল। আমি তাতে রাজি হইনি। এ কারণে গত শনিবার আমার সমর্থক ছাত্রলীগের কর্মী পলাশ কুমার দাসকে প্রতিপক্ষরা নির্মমভাবে পিটিয়েছে।’সভাপতি প্রার্থী বকুল সরকার বলেন, ‘ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আমার রয়েছে। আমি ছাত্রলীগের কোনো পদে না থাকলেও সদস্য হিসেবে ছিলাম। আর আমার বিরুদ্ধে বিবাহিত হওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়। কারণ আমি শুধু এনগেজমেন্ট করেছি। বিয়ে এখনো রেজিস্ট্রি হয়নি।’ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আরিফুর রহমান ওরফে উজ্জ্বল বলেন, ‘গঠনতন্ত্রের ভিত্তিতেই জেলা কমিটি গঠন করা হবে। আমরা প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে চূড়ান্ত করব।’ নির্বাচন না করে ঢাকায় বসে কমিটি গঠন কেন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্মেলনে কিছু প্রার্থীর বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এ ছাড়া তাদের পক্ষে কিছু চাপ প্রয়োগ করা হচ্ছিল। তাই সময়ের অভাবে ওই দিন কমিটি গঠন করা যায়নি। আমরা শিগগির নতুন কমিটি উপহার দেব।’