'হঠাৎ এলাকায় এসে ছবি তুলে চলে যান তাঁরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ করেছেন, সরকার তিস্তা শেষ করে দিয়েছে। মৎস্য খাত ও বনাঞ্চল উজাড় করে দিয়েছে। এখন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে সুন্দরবনকেও ধ্বংস করছে। পাশের দেশকে সুবিধা দিতেই সরকার এসব কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের স্টেশন রোডের একটি হোটেলে বিভাগীয় কৃষক দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান। তিনি বলেন, দেশে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পালনের অধিকার নেই। সমাবেশ করতে দেওয়া হয় না। আগামী নির্বাচনে দেশে গণ-অভ্যুত্থানের ঘটনা ঘটতে পারে। সেই গণ-অভ্যুত্থানের পর জনরায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন বলেন, বিএনপির আমলে লুটপাটকারীরা ঢাকায় পরিবার নিয়ে থাকেন। আন্দোলন-সংগ্রামে তাঁরা নেই। তাঁরা হঠাৎ এলাকায় এসে ছবি তুলে চলে যান। এভাবে রাজনীতি হয় না।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি এম এ তাহের, যুগ্ম সম্পাদক তকদির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নাজিম উদ্দিন প্রমুখ।
শামসুজ্জামান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, ‘পুলিশকে একটু পুলিশের মতো রাখেন না, তারপর মাঠে নামেন।...আসেন না, একদিন আমরা খোলা মাঠে মিটিং করি, চট্টগ্রামে আসেন। আপনি প্রথম দিন মিটিং করবেন। আমরা পরের দিন করব। যদি আপনি আমাদের থেকে অর্ধেক লোক দেখাতে পারেন, তারপরও আপনাকে আমরা সফল বলব। কিন্তু আমাদের তো মিটিংই করতে দেন না।’