‘হঠাৎ দেখি, নদীর হানি আকাশে উডি যার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হঠাৎ দেখি, নদীর হানি যেন সাদা কুয়াশার মতো অই আকাশে উডি যার। হেই লগে প্রচণ্ড বেগে তুপান শুরু হয়। আঙ্গো ট্রলারখান এক পলকে কাইত করি মাইজ নদীতে হালাই দেয়। হেই লগে ডুবি যায় আরও দশ-বারআন ট্রলার। উপায় ন হাই ট্রলারের তেল রাখা খালি কন্টিনার আর ট্রলারের রশি ধরি নদীত ভাসি থাই বাঁচি আইছি।’কথাগুলো গত বুধবার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে প্রাণে বেঁচে আসা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের জেলে বাহার মাঝির (৩৬)। তাঁর সঙ্গে বেঁচে আছেন ছোট ভাই শাহজাহান (২৫)। কিন্তু বাহার মাঝি নদীতে হারিয়ে আসেন একই ট্রলারে থাকা আরও ছয়জনকে।নিখোঁজ ছয়জন হলেন: মো. মিলন, জামাল মাঝি, মো. রুবেল, সাকিল উদ্দিন, আক্তার হোসেন ও ছুট্টি মিয়া। এই ছয়জন প্রায় সমবয়সী। বাহার মাঝি বলেন, গত মঙ্গলবার তাঁরা ১৬ জন ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। বুধবার সন্ধ্যা থেকে আকাশ অনেকটাই মেঘলা ছিল। রাত ৯-১০টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু তখন নদী ততটা উত্তাল ছিল না। রাত ১২টার দিকে আকাশের অবস্থা কিছুটা খারাপ দেখে তাঁরা নদীতে এক স্থানে ট্রলার নোঙর করে রাতের খাবার খেয়ে নেন। সেখানে ছিল আরও ১০-১২টি মাছধরার ট্রলার। এরপর হঠাৎ রাত দুইটার দিকে প্রচণ্ড বেগে ঝড় এসে ট্রলারগুলো উল্টে ফেলে দেয়। এ সময় যে যেভাবে পারেন প্রাণ বাঁচার চেষ্টা করেছেন।বাহার মাঝির ভাই শাহজাহান বলেন, ঝড়ের পরে নদী প্রচণ্ড উত্তাল ছিল। তাঁরা ভাসতে ভাসতে সাগরে চলে যান। প্রায় নয় ঘণ্টা সাগর ও নদীতে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করা অবস্থায় একটি লাইটার সাগরের ওই পথ দিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁদের দুজনকে উদ্ধার করলে জীবন রক্ষা পায়।বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাহার মাঝি ও তাঁর ভাই গ্রামের বাড়িতে ফেরার পথে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। এ সময় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কাহিনি শুনে উপস্থিত অনেকেই তাঁদের সান্ত্বনা দেয়।