'হঠাৎ বিকট শব্দ শুনি, দেখলাম আগুন ছড়িয়ে পড়ছে'
‘তখন সকাল ৬টা ১০। অফিসে ঢুকব। তখন হঠাৎ একটা বিকট শব্দ শুনি। দেখলাম আগুন ছড়িয়ে পড়ছে, ভবন ধসে পড়ছে। দেয়াল টপকে পাশের ফ্যাক্টরি বাংলাদেশ টেক্সটাইলে পৌঁছাই। এরপর জ্ঞান হারিয়ে ফেলি।’—কথাগুলো বলছিলেন ট্যাম্পাকো কারখানায় হেলপার হিসেবে কর্মরত মাহবুব। দুর্ঘটনার পর টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি মাহবুব প্রথম আলোকে এ কথা বলেন।
মাহবুবের ভাষ্য, সকাল ছয়টা থেকে তাঁর ডিউটি শুরু হয়। তিনি এ কারখানার চারতলায় কাজ করেন। আজ কাজে যোগ দিতে কারখানার গেটের কাছে এসে দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনায় আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন শহীদুল ইসলাম নামের এক টেম্পোযাত্রী। তিনি একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সকাল ছয়টার দিকে টেম্পোতে করে তিনি টঙ্গী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ঈদ করতে তাঁর দেশের বাড়ি মাদারীপুরে যাওয়ার কথা। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পান। তাঁর টেম্পোর কাছে একটি রিকশায় উড়ে এসে কিছু একটা পড়ে। সঙ্গে সঙ্গে রিকশায় আগুন লেগে যায়। দগ্ধ হয় রিকশার চালকসহ তিন আরোহী। এ সময় তাঁর টেম্পোটি উল্টে গেলে তিনিও আহত হন। সঙ্গী দুই যাত্রীর মাথা ফেটে যেতে দেখেন তিনি। পরে তিনি নিজেই এই হাসপাতালে যান চিকিৎসা নিতে।
বেলা সাড়ে তিনটার দিকে হাসপাতাল প্রাঙ্গণে দেখা গেল, ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ব্যক্তিদের যাঁরা এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাঁদের এক এক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
হাসপাতালে ফরিদপুরের বহিরানগর গ্রামের এক গার্মেন্টস-কর্মী ফরিদুজ্জামানের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি এখানে এসেছেন চুন্নু মোল্লা নামের একজনের খোঁজ জানতে। চুন্নু মোল্লা ট্যাম্পাকো কারখানায় কাজ করতেন। ফরিদুজ্জামানের হাতে ছিল চুন্নু মোল্লার জাতীয় পরিচয়পত্র ও কারখানার পরিচয়পত্রের কপি। তিনি প্রথম আলোকে বলেন, চুন্নু মোল্লাসহ তাঁরা চারজন একসঙ্গে থাকেন। সকালে তিনজন কাজে বের হয়ে যান। তিনি বাসায় ছিলেন। পরে দুর্ঘটনার কথা জানতে পেরে এই হাসপাতালে খোঁজ নিতে এসেছেন। তবে বিকেল সোয়া চারটা পর্যন্ত চুন্নুর কোনো খোঁজ পাননি তিনি।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ১৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় ৩০ জন এই হাসপাতালে আসেন। বর্তমানে এ ঘটনায় আহত তিনজন এখানে ভর্তি আছেন। বাকি ব্যক্তিদের ঢাকায় পাঠানো হয়েছে।