‘হঠাৎ শব্দ, তারপর সব আন্ধার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হঠাৎ শব্দ। তারপর সব আন্ধার। জানলাডা খুঁইজা পাইতাছিলাম না। দম প্রায় শ্যাষ। ভাবলাম, মইরা যাইতাছি, আর কুনু উপায় নাই। আল্লাহ আল্লাহ করতে থাকলাম। পরে হাতড়াইয়া সিটের ওপরের রড ধরতে পারলাম। রড ধইরাই বাইর হওয়ার জানলা পাইছি। কিন্তু কয়েকজন আমার গেঞ্জি খামচায়া ধরলো। ওই অবস্থাতেই গেঞ্জি খুইলা ফালাইলাম।’ আমিনবাজারের সালেহপুরে তুরাগ নদে গতকাল রোববার ডুবে যাওয়া বাসটির যাত্রী শাওন শিকদার (২২) এভাবেই নিজের বেঁচে আসার বর্ণনা দিলেন।শাওন জানান, তিনি উত্তর বাড্ডায় একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করেন। কিছু কাজের নমুনা নিয়ে তিনি বাড্ডা থেকে সাভারের হেমায়েতপুরে যাওয়ার উদ্দেশে সকাল ১০টার দিকে বৈশাখি পরিবহনের ওই বাসে ওঠেন। তিনি বসেছিলেন বাসের বাঁ দিকের দ্বিতীয় সারিতে। বাসটি পানিতে পড়ার পর তিনি জানালা দিয়ে বের হতে সক্ষম হন। এ সময় দুজন নারী ও একজন পুরুষকেও বাস থেকে বের হতে দেখেছেন তিনি। বাস থেকে বের হয়ে তীব্র স্রোতের মধ্যে কোনো রকমে ভেসে থেকে সাঁতরে তীরে ওঠেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আমিন বাজারের একটি ওষুধের দোকানে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই ওষুধের দোকানেই কথা হয় শাওনের সঙ্গে। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরে। ঢাকায় তিনি উত্তর বাড্ডাতেই থাকেন।শাওন জানান, বাসে অনেক ভিড় ছিল। বেলা সোয়া ১১টার দিকে বাসটি গাবতলী পৌঁছালে সেখানে অনেক যাত্রী নেমে যায়। এরপর বাসে দাঁড়ানো কোনো যাত্রী ছিল না, দু-একটি আসন খালি ছিল। সব মিলে তখন যাত্রী ছিল প্রায় ৫০ জন। তিনি আরও জানান, গাবতলীর যানজট পেরিয়ে ফাঁকা রাস্তা পেয়ে বাস দ্রুতগতিতে চলতে থাকে। আমিনবাজার সেতু পার হওয়ার পর চালক একটি বড় বাসকে অতিক্রম (ওভারটেক) করার চেষ্টা করেন। সামনের বাসটি অতিক্রমের সুযোগ না দেওয়ায় দুই বাসের চালক প্রতিযোগিতা শুরু করেন। কিছুক্ষণ পরই হঠাৎ একটা শব্দ শোনেন, এরপর পানিতে পড়ে ডুবে যায় তাঁদের বাস।শাওন বলেন, ‘কী যেন একটা শব্দ শুনলাম। আমার মাথা সামনের সিটের রডের সঙ্গে বাড়ি খাইলো। দেহি বাস রাস্তায় নাই। আমি খাড়ায়া গেলাম। এরপর সব আন্ধার।’ তিনি বলেন, ‘গেঞ্জি না খুললে আমি বাঁচতে পারতাম না। জানালা দিয়া বাইরাইতে গিয়া দেহি পা নাড়াইতে পারি না। জিনসের প্যান্ট ভারী হইয়া পাও টাইনা রাখছে। ভাবলাম প্যান্ট খুইলা ফালামু। কিন্তু দম যায় যায় অবস্থা। পরে কোনো রকমে জানলা দিয়া বাইর হইছি।’