'হঠাৎ অসুস্থ' হয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে কালিদাস কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্লাস চলার সময় তারা একে একে অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে যথারীতি বিদ্যালয়ে ক্লাস শুরু হলে সপ্তম শ্রেণির জাহিদ হাসান মাথা ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে বিদ্যালয়ের বারান্দায় নিয়ে মাথায় পানি ঢালা শুরু হলে দেখাদেখি অন্যান্য ক্লাসের ১৪ জন শিক্ষার্থীও একে একে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তারা জানায় তাদের মাথা প্রচণ্ড ব্যথা করছে ও বমির ভাব হচ্ছে। পরে তাদের অটোরিকশায় করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় ইতি নামের আরেক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো নবম শ্রেণির শিলা, স্বপ্না রানি, অন্তরা, সপ্তম শ্রেণির মুক্তি, আলিফ, সুলতানা, সীমা, জাহিদ হাসান, আশিস সরকার ষষ্ঠ শ্রেণির আরজিনা, তাসলিমা, দোলন আক্তার, রিশিতা আক্তার ও বীথি।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসাইন প্রথম আলোকে বলেন, এ রোগের নাম মাস গণমনস্তাত্ত্বিক। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েকজন বিকেলেই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আশা করি বাকিরাও পরের দিন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।