'হতাশ' যুক্তরাষ্ট্র

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতা, ভোট জালিয়াতির ঘটনা এবং বিএনপির নির্বাচন বয়কটের সিদ্ধান্তে ঢাকাস্থ মার্কিন দূতাবাস হতাশা প্রকাশ করেছে। এ ছাড়াও অনিয়মের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলেও মনে করছে মার্কিন দূতাবাস।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার যে সব ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ব্যাপক ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া গেছে তাতে তারা হতাশ। এ ছাড়া বিএনপি নির্বাচন বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও দূতাবাস হতাশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভোট গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত অনিয়মের ঘটনা ঘটেছে সেগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আইনের আওতায় থেকে কাজ করার জন্য এবং যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর জন্য আমরা সকল পক্ষের প্রতি আহ্বান জানাই।’ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যেকোনো ধরনের সহিংসতার আশ্রয় গ্রহণের তীব্র নিন্দাও জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।