‘হতে হবে আলোকিত মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু জিপিএ-৫ পেলে ভালো মানুষ হওয়া যায় না। হতে হবে আলোকিত মানুষ। বিখ্যাত হতে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, ভালো মানুষ হতে হয়। মানবতার সেবায় কাজ করতে হয়। আর দুস্থ, আর্ত-পীড়িত অসহায় মানুষকে সেবা করার মধ্যেই মানবতা নিহিত। গতকাল বৃহস্পতিবার কথাগুলো বলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার।প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির যৌথ আয়োজনে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন। যশোর শহরের জিলা স্কুল মিলনায়তনে গতকাল জেলার এক হাজার ৭০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সকালে জেলার সাত উপজেলা এবং বিকেলে সদর উপজেলার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শার্শা উপজেলার নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী শরীফ হোসেন জানায়, তার বাবা একজন চায়ের দোকানদার। বাবার দোকানে শ্রম দিয়ে, টিউশনি করে তাকে লেখাপড়া চালাতে হয়েছে। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন জন তাকে আর্থিক সহযোগিতা করেছেন। এর ফলে যশোর ক্যান্টনমেন্ট কলেজে তার লেখাপড়া করা সম্ভব হচ্ছে।প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ শিক্ষার্থীদের উজ্জীবিত হওয়ার গল্প শোনান। পরে শিক্ষার্থীদের মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলার আহ্বান জানালে শিক্ষার্থীরা দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে সেই আহ্বানে সাড়া দিয়ে শপথ নেয়।যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অশোকা দত্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজেদের ধনী করে তুলবে জ্ঞানে, অর্থে নয়।’ এ জন্য পাঠ্যপুস্তকের বাইরের বই পড়তে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।আরও বক্তব্য দেন জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বোরহানুস সুলতান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মশিউর রহমান, কৃতী শিক্ষার্থী ফাতেমা ইয়াসমিন, পিয়া ঘোষ ও মহিদুর রহমান। কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়। এ ছাড়া ভালো ফলের স্বীকৃতিস্বরূপ যশোর শহরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, দাউদ পাবলিক স্কুল ও ঝিকরগাছা উপজেলার আকিজ কলেজিয়েট স্কুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়।বক্তব্য পর্ব শেষে প্রথম আলো বন্ধুসভার অনা মারজিয়া এ্যানি, মিতু ও কৃতী শিক্ষার্থী সুস্মিতা নৃত্য এবং যশোরের উদীচী, সুরবিতান সংগীত একাডেমি ও সুরধ্বনি সংগীত নিকেতনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সব শেষে ক্লোজ-আপ ওয়ান তারকা কিশোর গান গেয়ে মিলনায়তন মাতিয়ে তোলেন।