‘হত্যা করে গুম’ করার ১০ দিন পর জীবিত ব্যক্তি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামে হত্যা করে গুম করার ১০ দিন পর অক্ষত অবস্থায় জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার পেন্নাই গ্রাম থেকে বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের ‘খুন’ হওয়া মো. দুলাল মিয়াকে (৪৫) তাঁর বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।বাঞ্ছারামপুর থানার পুলিশ ও মো. দুলাল মিয়ার স্ত্রীর দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দরিয়াদৌলত গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. দুলাল মিয়া তাঁর টং-দোকান থেকে গত ৩১ অক্টোবর রাতে ‘নিখোঁজ’ হন। নিখোঁজ হওয়ার পর দুলাল মিয়ার স্ত্রী নাহার বেগম বাদী হয়ে ওই দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বাদী উল্লেখ করে বলেন, তাঁর স্বামী মো. দুলাল মিয়াকে প্রতিবেশী চার-পাঁচজন (নাম উল্লেখ করে) পূর্বশত্রুতার জের ধরে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যা করে লাশ গুম করে ফেলে। পরে পুলিশ তিন দিন পাশের ডোবা, খাল-বিল খোঁজাখুঁজি করে কোথাও লাশের সন্ধান পায়নি। গুম হওয়ার ১০ দিন পর গত বৃহস্পতিবার জীবিত ও অক্ষত অবস্থায় দুলাল মিয়াকে তাঁর বড় ভাইয়ের শ্বশুরবাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পেন্নাই গ্রাম থেকে আটক করা হয়। স্থানীয় ২০-২৫ জনের একটি সমিতির এক লাখ টাকা দুলাল মিয়ার কাছে গচ্ছিত ছিল। সেই টাকা ফেরত না দেওয়ার জন্যই এমন গল্প প্রচার করেছেন বলে পুলিশের হাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে স্বীকার করেন দুলাল মিয়া।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সমিতির টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে দুলাল মিয়া। মূলত টাকা আত্মসাৎ করতেই এমন ঘটনা সাজানো হয়েছিল।