‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দেখতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা আর কোনো বোমা হামলার ঘটনা দেখতে চাই না। কোনো বন্ধু হারানোর প্রতিবাদে স্মরণসভা বা বিক্ষোভ সমাবেশ করতে চাই না। ওই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার ও শাস্তি দেখতে চাই।’যশোরে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলনে বোমা হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওই হামলায় পা হারানো সুকান্ত দাস এ দাবি জানান। উদীচী হত্যা মামলা পুনঃ তদন্ত ও বিচার আন্দোলন কমিটি যশোরের উদ্যোগে গতকাল মঙ্গলবার যশোর টাউন হল মাঠের রওশন আলী স্মৃতিমঞ্চে এ আলোচনা সভা হয়।সুকান্ত বলেন, বর্তমান সরকারের আমলে এই বিচার না হলে আর বিচার হবে না। কারণ, উদীচীর মিত্র বামপন্থীদের একটি বড় অংশের এ সরকারে অংশীদারি রয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ সম্মেলন (যে সম্মেলনে বোমা হামলা হয়) ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক কাজী আবদুস শহীদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি রবিউল আলম, সিপিবির সভাপতি এলাহদাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, উদীচী জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সৌমেশ মুখার্জি প্রমুখ। উপস্থাপনা করেন উদীচীর সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান।গতকাল বিকেল পাঁচটা এক মিনিটে শহীদ স্মারকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত ও উদীচী সংগীতের পর নৃত্য, আলোচনা সভা ও প্রতিবাদী গান পরিবেশিত হয়। শেষে নিহত ১০ শহীদের স্মরণে ১০টি প্রদীপ প্রজ্বালন করা হয়।উদীচী হত্যা মামলা পুনঃ তদন্ত ও বিচার আন্দোলন কমিটি এ দিনটি ‘সংস্কৃতি রক্ষা দিবস’ হিসেবে পালন করে।১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোরে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে নারকীয় বোমা হামলা চালানো হয়। এতে ১০ জন নিহত হন।