‘হত্যাকাণ্ডের সময় আলুব্দি গ্রামে কাদের মোল্লাকে দেখিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন আসামিপক্ষের পঞ্চম সাক্ষী আলতাব উদ্দিন মোল্লা। জবানবন্দিতে তিনি দাবি করেন, মিরপুরের আলুব্দি (আলোকদি) গ্রামে পাকিস্তানি সেনাদের হত্যাকাণ্ডের সময় তিনি কাদের মোল্লাকে দেখেননি।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আলতাব উদ্দিনের (৫২) জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জবানবন্দিতে আলতাব বলেন, তাঁর বাড়ি আলুব্দি গ্রামে। সম্ভবত একাত্তরের ২৪ এপ্রিল ভোররাতে পাকিস্তানি সেনারা আলুব্দি গ্রামে আক্রমণ করে। তারা তিন দিক থেকে গ্রামে ঢুকে অনেক মানুষকে গুলি করে হত্যা করে। বেলা দুইটা পর্যন্ত হত্যাকাণ্ড চলে। পাকিস্তানি সেনারা গ্রামের ঘরবাড়িতেও অগ্নিসংযোগ করে। সেনাদের সঙ্গে বেসামরিক ব্যক্তি ছিলেন না। সেনারা চলে গেলে বিহারিরা গ্রামে ঢুকে লুটপাট করে। ওই ঘটনায় ধান কাটতে আসা শ্রমিকসহ ৩৬০-৩৭০ জন মারা যান। আলুব্দি গ্রামে ওই ঘটনার সময় তিনি কাদের মোল্লাকে দেখেননি।অপর এক প্রশ্নের জবাবে আলতাব বলেন, তিনি বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত। এর আগে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন।