‘হত্যার আগে বিষ মেশানো ভাত খাওয়ানো হয় জেলেদের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পাথরঘাটার মাছ ধরার ট্রলারের ১১ জেলেকে হত্যার আগে তাঁদের বিষ মেশানো ভাত খাওয়ানো হয়। এরপর জেলেরা নিস্তেজ হয়ে পড়লে সহযোগী রোহিঙ্গারা তাঁদের কুপিয়ে হত্যা করে। এরপর লাশগুলো বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হয়। ট্রলারসহ অন্যান্য পণ্য লুট করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।গতকাল বুধবার ওই ট্রলারের জেলে রোহিঙ্গা হামিদুল হক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন।পুলিশ বলছে, লাশগুলো সাগরের কোন এলাকায় নিক্ষেপ করা হয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ জানায়, ১ জানুয়ারি রাতে বরগুনার পাথরঘাটার শাহ আলম খানের মালিকানাধীন এফবি ইসরাত নামের ট্রলারটি ১৬ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ১৬ জেলের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং বাকি পাঁচজন রোহিঙ্গা। এই রোহিঙ্গারাই পরিকল্পিতভাবে ১১ বাংলাদেশি জেলেকে হত্যা করে ট্রলার নিয়ে পালাচ্ছিল। ৬ জানুয়ারি রাতে কক্সবাজারের উখিয়া সমুদ্র উপকূলে পাটোয়ারটেক এলাকায় ইঞ্জিন বিকল হলে ট্রলারটি আটকা পড়ে। এরপর স্থানীয় জেলেদের সহযোগিতায় পুলিশ ট্রলারসহ রোহিঙ্গা হামিদুল হককে আটক করে। এর আগে ট্রলারের অপর চার রোহিঙ্গা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া রোহিঙ্গারা হলো: আলী চাঁন, বশির আহমদ, সাব্বির আহমদ ও শাহিন। আলী চাঁন কক্সবাজার শহরের কলাতলীতে, বশির আহমদ কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা পাহাড়ে, সাব্বির আহমদ কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিশারি ঘাট এবং শাহিন বরগুনার পাথরঘাটার মহিপুর গ্রামে অবৈধভাবে বসবাস করে আসছিল। পুলিশ তাদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। আটক হামিদুল হক কক্সবাজার শহরের পিটিআই স্কুল-সংলগ্ন এলাকায় তিন বছর ধরে বসবাস করছেন।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, গত মঙ্গলবার হামিদুল হককে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার ১১ জেলের হত্যার রহস্য উদ্ঘাটনে হামিদুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে হামিদুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হামিদুল হক তাঁকে বলেছেন, মাছ ধরার জালসহ ট্রলারটি লুট করার জন্য রোহিঙ্গা জেলেরা রাতের বেলায় ১১ জন বাংলাদেশি জেলেকে কুপিয়ে হত্যা করে। এর আগে রাতের খাবারে কৌশলে বিষ মিশিয়ে দেওয়া হয়। বিষ মেশানো ভাত খাওয়ার পর ১১ জেলে নিস্তেজ হয়ে পড়লে রোহিঙ্গারা তাঁদের ট্রলারের ডেকে শুইয়ে দেয়। তারপর একে একে সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর সাগরে নিক্ষেপ করে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত জেলেরা হলেন: বরগুনার পাথরঘাটা ও মহিপুর গ্রামের বেল্লাল হোসেন (১৮), সৈয়দ আলম মাঝি (৬০), সোহাগ (১৮), জাফর আলম (৩৫), আব্বাছ উদ্দিন (২০), বাবুল মিস্ত্রি (৪২), ছিদ্দিকুর রহমান (৪৫), আবুল বাশার (২৫), আবুল কালাম (৪০), মেহেদী হাসান (৪৪) ও কক্সবাজারের মহেশখালীর ঘটিভাঙ্গা গ্রামের জসিম উদ্দিন (২১)। হামিদুল হক পুলিশ হেফাজতে সাংবাদিকদের জানান, ১৯৯৮ সালে বাংলাদেশি জাল পাসপোর্ট নিয়ে তিনি সৌদি আরবে যান। সেখানে হত্যাকাণ্ড ঘটিয়ে ২০০৯ সালে আবার বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারে বাস করছেন। তাঁর দাবি, চার রোহিঙ্গা মিলে ট্রলারের ১১ জন বাংলাদেশি জেলেকে হত্যা করেছে। তিনি হত্যাকাণ্ডের বিরোধিতা করায় তাঁকে মারধর করা হয়।পুলিশ জানায়, হামিদুল হককে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ট্রলারের মালিক বরগুনায় মামলা করলে হামিদুলকে সেখানে পাঠানো হবে।