'হত্যার পর পেট্রল ঢেলে লাশ পুড়িয়ে দেওয়া হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নামাজগড় এলাকার পরিবহন ঠিকাদার রাহাত খান ওরফে রনির সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধের জের ধরে পরিবহন ঠিকাদার মোজামেঞ্চল হক ওরফে মুকুল (৪০) খুন হয়েছেন।
হত্যাকাণ্ডের ২৩ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রাহাতের মালিকানাধীন ট্রাকের চালক ইদরিস আলী ওরফে দুলাল শেখ বগুড়া বিচারিক হাকিম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদের কাছে এ জবানবন্দি দেন।
জবানবন্দিতে ইদরিস বলেন, গত ১০ মার্চ রাত ১০টার দিকে রাহাত মোজামেঞ্চলকে তাঁর নামাজগড় বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে আনেন। পরে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এক ভাড়াটে খুনি গুলি করে তাঁকে হত্যা করে। পরে রাহাত খান, ইদরিস ও অপর ট্রাকচালক জাহাঙ্গীর এবং ভাড়াটে খুনি মিলে লাশ পলিথিনে পেঁচিয়ে নেন। ভোরে ট্রাকে করে শহরতলির নির্জন স্থানে নিয়ে মোজাম্মেলের মোটরসাইকেলের পেট্রল ঢেলেই তাঁর লাশ পুড়িয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, ১০ মার্চ রাতে শহরের কাটনারপাড়া করনেশন স্কুল লেনের পরিবহন ঠিকাদার মোজামেঞ্চল খুন হন। পরদিন সকালে শহরতলির মাটিডালি এলাকার লোহার সেতু এলাকা থেকে তাঁর পোড়া লাশ উদ্ধার করা হয়। এরপর স্ত্রী শামিমা বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপার নাজির হোসেন জানান, নামাজগড় এলাকার পরিবহন ব্যবসায়ী রাহাত খান এবং মোজামেঞ্চল হোসেনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। দুজনের মধ্যে কিছু টাকাপয়সার লেনদেনও হয়। এ জন্য হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের সন্দেহের তির ছিল রাহাতের দিকে। এর সূত্র ধরে বুধবার রাহাতকে গ্রেপ্তার করা হয়। রাহাতের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁর ট্রাকচালক ইদরিসকে আটক করা হয়। এরপর ইদরিস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তাঁকে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। এদিকে রাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এখন পেশাদার ওই খুনিকে গ্রেপ্তার এবং মোজামেঞ্চলের মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।