'হত্যার হুমকি পেয়ে' ইমরানের স্ট্যাটাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যের কোড সংবলিত একটি নম্বর থেকে তাঁকে ফোন করে শিগগিরই হত্যা করার হুমকি দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে ইমরান লিখেছেন, ‘আজ সন্ধ্যা ৭টা ১২ মিনিটে “ইউনাইটেড কিংডম” এর কোড সংবলিত একটি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে আমাকে খুব শীঘ্রই হত্যা করা হবে। আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন, কোনো উত্তর দেওয়া হয়নি। বারবার শুধু বলা হলো হত্যা করা হবে। কোথায়, কিভাবে খুন করবেন জানতে চাইলে কল কেটে দিয়েছে। আমি জানি এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার। আর হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর। যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয় না সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না। তা ছাড়া কয়েক দিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে?’
ইমরান লিখেছেন, ‘প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরোনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কি না? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।’

এ ব্যাপারে জানতে চাইলে ইমরান প্রথম আলোকে বলেন, হুমকি পেয়েছেন। তবে তিনি এই ঘটনায় এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বললে জিডি করবেন। এর কারণ হিসেবে তিনি বলেন, এর আগে তিনি একবার জিডি করেছেন।