
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান নিহত ইসমাইলের স্ত্রী জোসনা আক্তার।
সংবাদ সম্মেলনে ইসমাইলের দুই মেয়ে উম্মে আইমান ও আফিফা আইমান উপস্থিত ছিলেন। উম্মে আইমান নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আফিফা আইমান নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম ডিগ্রি কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্রী।
পরিবারের দাবি, কক্সবাজারের হোটেল কক্ষে ইসমাইলকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে দলীয় কোন্দল কাজ করেছে।
গত রোববার বিকেলে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়ের ‘পালংক্যি’ হোটেলের ১০৭ নম্বর কক্ষ থেকে মো. ইসমাইলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মসজিদঘোনা গ্রামে।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে (২৯ এপ্রিল রাত ৮টায়) ইসমাইল নিজের ফেসবুকে নাইক্ষ্যংছড়ির আওয়ামী লীগ নেতা শফিউল্লাহকে উদ্দেশ করে স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন ‘তুমি সংগঠনের চরম ক্ষতি করেছ। তোমার মধ্যে দেশপ্রেম নেই। বাইশারীর দুইজন সাংবাদিক জানে তুমি আমাকে হুমকি দিয়েছ…।’
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ইসমাইলের সঙ্গে তাঁর বিরোধ ছিল না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসমাইলের মেয়ে উম্মে আইমান। তিনি বলেন, আত্মহত্যাই যদি তাঁর বাবার উদ্দেশ্য হতো, তাহলে ঘর থেকে বের হওয়ার তিন-চারদিন পর এ ঘটনা ঘটত না। তিনি ঘর থেকে বের হন ২৭ এপ্রিল। কক্সবাজারের হোটেল কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয় ৩০ এপ্রিল। তিনি দাবি করেন, তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে হোটেল কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এরপর ঘাতকেরা কক্ষের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। তাঁর দাবি, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার হলেও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ডান হাতের মধ্য আঙুল ভাঙা ছিল। এটি আঘাতের নমুনা।
নিহত ইসমাইলের স্ত্রী জোসনা আক্তার বলেন, স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে নিয়ে তিনি এমনিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া ইসমাইলের স্ট্যাটাস অনুসন্ধান করলেই হত্যাকারীদের চিহ্নিত করা যাবে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, হোটেলের দরজা ভেঙেই ইসমাইলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হোটেল থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ ও ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সক্ষম হবে।