'হরতাল-অবরোধ দুইড্যাই লাথি মারে পেটে'
‘অবরোধের সময় দোকান খোলা ছিল। আজ এর সঙ্গে হরতাল থাকায় মালিক সমিতির নির্দেশে দোকান বন্ধ। এখন ব্যবসা করা কঠিন থেকে শক্ত হয়ে গেছে। তাই হরতাল-অবরোধ দুইড্যাই পেটে লাথি মারে।’
কথাগুলো বললেন পুরান ঢাকার ইসলামপুরের পাইকারি কাপড় ব্যবসায়ী এস এম তারেকুজ্জামান।
আজ রোববার সকালে ইসলামপুরের খালেস ম্যানশনে নিজের দোকান উপমা বস্ত্রালয়ের সামনে দাঁড়িয়ে তারেকুজ্জামান জানান, অবরোধে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে। কিন্তু দোকান খোলা রাখলে কোনো সমস্যা হতো না। কিন্তু হরতাল মানে সবই বন্ধ। তাই দোকানও বন্ধ রয়েছে।
তবে হরতাল-অবরোধ যা-ই হোক না কেন, পুরান ঢাকার এই ব্যবসাকেন্দ্রের আর্থিক লেনদেনের চাকা বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। তাঁরা জানান, বাকিতে বেশির ভাগ বেচাকেনা চলে। খুচরা ব্যবসায়ীদের বিক্রি না থাকায় মোটা অঙ্কের অর্থ আটকে আছে। তা ছাড়া মিলগুলো থেকে কাপড় খালাস না হওয়ায় দোকানে মজুদও প্রায় শেষ।
অবশ্য সিএনজি অটোরিকশার চালক আয়ুব আলী মিয়া জানান, আজকের অবরোধ-হরতালে ঢাকার রাজপথে যান চলাচল বেড়েছে। অবরোধের সময় মিরপুর থেকে কারওয়ান বাজারে আসতে সময় লাগতো আধ ঘণ্টা। আজ প্রায় সকালে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লেগেছে।
ক্ষোভ নিয়ে আয়ুব মিয়া বলেন, ‘মানুষ আর কত দিন ঘরে বসে থাকবে। অন্য সময় আমি প্রতিদিন এক হাজার টাকা নিয়ে ঘরে ফিরতাম। এখন ৩০০ টাকাও থাকে না পকেটে।’
তবে অবরোধের সঙ্গে হরতালের পার্থক্য কিছুই বুঝে উঠতে পারছেন না রিকশাচালক আসাদ মিয়া। কিন্তু ঢাকা শহরের রাজপথে রিকশা বাধাহীনভাবে চলার সুযোগ পাওয়ায় তিনি ভীষণ খুশি। প্রতিদিন সব খরচ বাদ দিয়ে ৫০০ টাকা আয় করছেন আসাদ।
আসাদ মিয়া বলেন,‘মাইনষ্যে ডরে বাস-সিএনজিতে ওঠে না। তাই রিকশা ভাড়া পাইতাছি। আইজ সকালে মিরপুরের দুয়ারিপাড়া থ্যাইক্কা ফার্মগেট আইছি মাত্র এক ঘণ্টায়। ভাড়া পাইছি দেড় শ টাকা।’
টানা অবরোধে কিন্তু বেশ ক্ষুব্ধ পুলিশের সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে ওয়ারী এলাকার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘সন্তান-বউ কারও কথাই মনে করতে পারছি না। ঘুমানোর সময়ও পাচ্ছি না।’
রাতে বিশ্রাম নিয়েও হরতাল-অবরোধে আজ সারা দিন তেমন কোনো কাজই পাননি কারওয়ান বাজারের দিনমজুর নূরুল আলম। কাজের সন্ধানে আজ ভর দুপুরেও তাঁকে ছুটতে দেখা গেল রাজধানীর অন্যতম বড় এই পাইকারি বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। কাঁচাবাজারের এর আগে যে ঝুড়িটি মালামালে ভরে থাকত। এখন সেই ঝুড়িটি খালি পড়ে থাকে। তাই অলস সময় কাটাতে হচ্ছে তাঁর। এক মাস ধরে এভাবে চলছে পঞ্চাশোর্ধ্ব নূরুল আলমের।
গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের গঙ্গাশিবপুরে সংসার খরচের টাকা ঠিকমতো পাঠাতে পারছেন না নূরুল আলম। কারণ হিসেবে তিনি দায়ী করলেন এ সময় রাজনৈতিক পরিস্থিতিকে। নূরুল আলম বলেন, ‘বুড়া হইছি, তাই রাতে কাম না কইরা দিনে টুকরি লইয়া নামি। অবরোধে মাল কম আসে। কাস্টমারও কম। রিকশা ঢাকার সবখানে চলে। তাই যারা বাজারে আহেন মাল কিনা রিকশা লইয়া সোজা বাড়ি ফেরেন। আমগো মিনতিরে (মালমাল বহনকারী) কেউ ডাকে না। আইজ একটা পর্যন্ত কাম করছি দেড় শ টাকার।’