'হরতাল-অবরোধে জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়েনি'
হরতাল-অবরোধে জনশক্তি রপ্তানি খাতে কোনো প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, বিদেশ যেতে ইচ্ছুক ও যাওয়ার উপযুক্ত শ্রমিকেরা প্রতিদিনই হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকায় পৌঁছাচ্ছেন, বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এবং বিদেশে পাড়ি দিচ্ছেন।
আজ বুধবার ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস, ২০১৩’ উপলক্ষে গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির জন্য অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় ১৫৭টি দেশে ৮৫ থেকে ৯০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। যাঁরা রেমিট্যান্স হিসেবে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করছেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ থেকে ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো। তিনি বলেন, বিশ্বমন্দার মধ্যেও বিগত পাঁচ বছরে ২৪ লাখ কর্মী বিদেশে গেছেন। গত বছর ছয় লাখ শ্রমিক পাঠানো হয়েছে, এবার প্রায় চার লাখ পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ সকাল আটটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্ল্লাজাসংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে অভিবাসন মেলারও আয়োজন করা হয়েছে।