‘হরতাল আঁরারে মারি ফেলাইয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকালে ঘর থেকে বেরিয়ে দেখি গাড়ি চলছে না। যেতে হবে আট কিলোমিটার দূরে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে, সোনালী ব্যাংকে। উদ্দেশ্য বয়স্কভাতার টাকা সংগ্রহ। না গেলেও বিপদ। এই টাকা পাওয়া যাবে তিন মাস পর। সকাল নয়টায় আমরা কয়েকজন বৃদ্ধ হাঁটা শুরু করলাম, খুরুশকুলের ভাঙাচোরা রাস্তা দিয়ে। হাঁপাতে হাঁপাতে দুপুর ১২টার একটু আগে ব্যাংকে এসে পৌঁছলাম। বুড়া বয়সে কত হাঁটা যায় বলো। এই হরতাল আঁরারে (আমাদের) মারি (মেরে) ফেলাইয়ে ( ফেলেছে)।’ গতকাল রোববার দুপুর ১২টায় কক্সবাজার শহরের সোনালী ব্যাংকের নিচে (প্রধান সড়কের পাশে) বসে কথাগুলো বলেন সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের লামাজিপাড়ার বাসিন্দা ইয়াকুব আলী (৮২)।এ সময় পার্শ্ববর্তী গ্রাম ফকিরাপাড়া থেকে আসা বশির আহমদ (৬৫), কুলিয়াপাড়ার গুরা মিয়া (৬৩), পূর্ব হিন্দুপাড়ার ভুতি দে (৮০) জানান, খালেদা জিয়ার বাড়ি তো সরকার নিয়ে নিল। এর জন্য হরতাল ডেকে তাঁর (খালেদা জিয়ার) কী লাভ হলো? হরতাল করে বাড়িটা কি পাওয়া গেল? অনর্থক হরতাল ডেকে আমাদের মতো কয়েক শ বৃদ্ধ মানুষকে কষ্ট দেওয়া হলো।পূর্ব হিন্দুপাড়ার ঊষা দে (৫৪) বলেন, ‘সরকার ত্বরিত খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে ঠিক কাজ করেনি। আদালতের সিদ্ধান্তের জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করলে এই হরতাল হতো না। হরতাল দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কার লাভ?’গতকাল সোনালী ব্যাংক থেকে খুরুশকুল ইউনিয়নের ৪৪৩ জনের বয়স্ক ও বিধবাভাতা উত্তোলনের নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু সকাল সন্ধ্যা হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় আট কিলোমিটার দূরে খুরুশকুল থেকে চার শতাধিক বৃদ্ধ নারী-পুরুষকে হেঁটে হেঁটে আসতে হয়। দুপুর ১২টার মধ্যে দুই শতাধিক বৃদ্ধা ব্যাংকে পৌঁছাতে সক্ষম হলেও অনেকের পৌঁছাতে আড়াইটা বেজে যায়।সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, বিলম্বে পৌঁছার কারণে আমরা সকাল সাড়ে ১১টা থেকে বয়স্কভাতা হস্তান্তর শুরু করি। চার শতাধিক বৃদ্ধার হাতে তিন মাসের ৯০০ টাকা করে তুলে দিতে সন্ধ্যা হয়ে যায়। এরপর তাঁরা রিকশাযোগে বাড়ি ফিরে যান। কক্সবাজার সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের খুরুশকুল ইউনিয়নের সমাজকর্মী শুভদিনী চাকমা জানান, হরতালের কারণে অসুস্থ কয়েকজন ভাতার টাকা তুলতে পারেননি। গতকাল সকাল থেকে শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টার পর ঢাকা থেকে আগের দিন রাতে ছেড়ে আসা দূরপাল্লার ২০টির বেশি চেয়ারকোচ পুলিশ প্রহরায় শহরে ঢুকে যাত্রীদের নামিয়ে দেয়। বিকেলে শহরে হরতালের পক্ষে-বিপক্ষে বিএনপি ও আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হলেও টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমারের আমদানিপণ্য সরবরাহ বন্ধ ছিল। টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আসা কোরবানির পশুও হরতালের কারণে কক্সবাজার এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ সম্ভব হয়নি।