'হরতাল গরিব মারনের কল'
‘হরতালে দুই দিন ধইরা গাড়ি চালান বন্ধ। এক টেয়াও রুজি নাই। চার ছেলেমেয়ে লইয়া না খাইয়া আছি। দুই দলের ক্ষমতার লোভে দ্যাশটা ধ্বংস অইতাছে। হরতাল অইল গরিব মারনের কল। যত হরতাল তত লাশ।’
কথাগুলো বলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামের রিকশাচালক আবদুস ছাত্তার। চলমান রাজনৈতিক সংকট, বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল এবং দুই নেত্রীর ফোনালাপ প্রসঙ্গে এভাবেই তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আবদুস সাত্তারের মতো দেশের বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মতলব দক্ষিণ (চাঁদপুর): উপজেলা সদর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল ঘোষ বলেন, ‘আমরা গরিব মানুষ। সংলাপ-সংবিধানের প্যাঁচ বুঝি না। দুই দলের সংলাপে কী অইব, তা-ও জানি না। আমরা চাই শান্তি। এ দেশে অনেক হরতাল অইছে। আর কত? হরতাল কার জন্য, কীসের জন্য? দুই দিনের হরতালে আমাগো বেচাবিক্রি নাই। আয় না অইলে খামু কী, বাঁচুম ক্যামনে।’
কলেজগেট এলাকার চা বিক্রেতা মো. লিটন বলেন, ‘প্রধানমন্ত্রীর ফোনে খালেদা জিয়ার সাড়া দেওন উচিত ছিল। হরতাল পরেও করন যাইত। হেগো দুই দলের দুই মত। দুইডারে এক করন উচিত। প্রধানমন্ত্রীর উচিত তত্ত্বাবধায়ক দিয়া দেওন।’
মৌলভীবাজার: জেলা শহরের কোর্ট রোডে একটি ভবনের বারান্দায় বসে জুতা সেলাই ও জুতায় রং দেওয়ার কাজ করেন বাবুল চন্দ্র ঋষি (২৩)।
তিনি বলেন, ‘একেবারে বাঁচার আর উপায় নাই। হরতাল আমরারে ভালোমতো মারছে। গরিবই তো মরব। বড়লোকের তো কোনো সমস্যা নেই। তারা ঠিক আছে। হাসিনা-খালেদার মধ্যে এই গণ্ডগোল চলছে। কিন্তু মাঝপথে আমরার মতো গরিব মরব।’ জিনিসপত্রের দাম নিয়ে শহরের পশ্চিমবাজার এলাকার জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘পেঁয়াজের দাম হরতালে আরও বেড়েছে। ১২ টাকার আলু এখন ১৬ টাকা (প্রতি কেজি) হয়েছে। ২০ টাকা কেজির লালশাক ও মুলা ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে কারও কোনো ভাবনা নেই।’
শেরপুর: ‘এখন হরতাল মানে সংঘাত-সংঘর্ষ আর প্রাণহানি। আমরা সাধারণ মানুষ এই সংঘাত-সংঘর্ষের হরতাল চাই না। আমরা একটু শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে চাই। তাই আমাদের বড় দুই রাজনৈতিক দলের নেত্রীকে সংঘাতের পথ পরিহার করে সমঝোতায় আসতে হবে। শুধু ক্ষমতা দখল বা ক্ষমতা ধরে রাখার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য নিজেদের ছাড় দিতে হবে। তবেই দেশে শান্তি ফিরে আসবে। আর সাধারণ মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে।’
গতকাল এই কথাগুলো বলেন জেলা শহরের নওহাটা এলাকার চাল ব্যবসায়ী মো. হাবিবুর রহমান। শেরপুর জেলা শহরের মুন্সিবাজারের রড-সিমেন্ট বিক্রির দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন সদর উপজেলার পাকুরিয়া গ্রামের আহামঞ্চদ আলী। তিনি জানান, তিনি প্রতিদিন ২০০-৩০০ টাকা মজুরি পান। কিন্তু হরতালের কারণে দুই দিন ধরে ঢাকা থেকে রড-সিমেন্টবাহী কোনো ট্রাক না আসায় কাজকর্ম নেই। তাই কোনো মজুরিও পাননি। ফলে সংসার চালাতে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে।