'হরতাল দেশ ছাড়লে আমরা বেঁচে যাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরতাল দেশ ছাড়লে আমরা বেঁচে যাব। অন্যথায় আমাদের মতো স্বল্প আয়ের মানুষের মরণ ছাড়া কোনো গতি নেই।’হতাশা আর ক্ষোভ নিয়ে এসব কথা বললেন ফুটপাতের পোশাক বিক্রেতা মো. মিজানুর রহমান। আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর ফটকের পাশে দুপুর ১২টার দিকে কথা হয় তাঁর সঙ্গে।ক্ষোভের সঙ্গে তিনি জানান, হরতালের কারণে খুব খারাপ অবস্থা তাঁর। সকাল থেকে মাত্র ২০০ টাকা বিক্রি হয়েছে। অন্য দিন এই সময় অন্তত এক থেকে দেড় হাজার টাকার বিক্রি হয়।মিজানুর রহমান বলেন, ‘এটা দিয়েই আমার সংসার চালাতে হয়। কেনাবেচা নেই। তার পরও পেটের দায়ে এই গরমেও দোকান খুলে বসে আছি।’ তিনি বলেন, ‘আগে হরতালকে এ দেশ থেকে তাড়াতে হবে। তাহলে আমাদের মতো মানুষের শান্তি হবে।’

পাশেই মোবাইল ফোনসেটের যন্ত্রাংশের দোকান রাজিবের। তাঁর ভাষ্য, ‘সকাল থেকে মাত্র ৪০ টাকার বিক্রি হয়েছে। হরতালের কারণে বিক্রিবাট্টা নেই। এই দোকান করেই সংসার চলে। হরতালে আমাদেরই ক্ষতি বেশি।’

মওলানা ভাসানী স্টেডিয়ামের উত্তর পাশের সড়কে ভ্যানে করে ডাব বিক্রি করেন মো. বাবুল মিয়া। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল আটটায় এসেছি। বেলা ১১টা পর্যন্ত মাত্র একটি ডাব ৪০ টাকায় বিক্রি করেছি। এর মধ্যে ২০ টাকা খেয়েছি। পকেটে আছে ২০ টাকা।’ বাবুল মিয়া বলেন, হরতালের কারণে দোকানপাট বন্ধ। মানুষের চলাচল কম। তাই কেনাবেচা নেই। অব্যাহত হরতালের কারণে সংসার চালাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

পাশেই ফেরি করে পান-সিগারেট বিক্রি করছিলেন মো. শফিক। তিনি বলেন, হরতালে মানুষ নেই, তাই কেনাবেচাও নেই।

মতিঝিলের দিলকুশা এলাকায় ফুটপাতের পরোটার দোকানি ইলিয়াস ও জাহাঙ্গীর জানান, হরতালে সাধারণ লোকজন খুব কম বের হন। অফিসের লোকজনও কম বের হন। তাই কেনাবেচার অবস্থাও খুব খারাপ।