পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের বাসিন্দা ওয়াহিদ শাহিন পেশায় চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকাল আটটা থেকে তাঁর ডিউটি। গতকাল দুপুরে বকশীবাজার এলাকায় তাঁকে দেখা দেখা গেল ক্লান্ত ও ঘর্মাক্ত হয়ে হেঁটে যেতে। বিরস বদনে বললেন, ‘ভোরে ঘুম থেকে উঠে হাসপাতালে গিয়েছি হেঁটে। দুইটা পর্যন্ত টানা ডিউটি করে ফিরছি বাসায়।’
দক্ষিণ মৈশুন্দি এলাকার নাজমা বেগম জটিল কিডনি রোগে আক্রান্ত। তাঁর কিছু বিশেষ ওষুধ ও ইনজেকশন দরকার, যা শুধু তেজগাঁও এলাকার একটি ওষুধ কোম্পানির কার্যালয় থেকে সংগ্রহ করতে হয়। হরতালের কারণে ওষুধগুলো জোগাড় করতে পারেননি পরিবারের সদস্যরা। এ নিয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন।
বিরোধী দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গতকাল মঙ্গলবার রাজধানীর অন্যান্য এলাকার পাশাপাশি পুরান ঢাকার সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। গতকাল সকালে পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ আতঙ্কের ফলে সকাল থেকেই রাস্তাঘাট ছিল ফাঁকা। এতে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মানুষকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
ধোলাইখাল, সদরঘাট, নবাবপুর, টিকাটুলী, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কগুলোতে সকাল থেকেই দেখা গেছে কর্মজীবী মানুষের অসহায় ছোটাছুটি। সবার চোখেমুখেই উদ্বেগের ছাপ। ইসলামপুর, নবাবপুর, চকবাজারের পাইকারি ব্যবসায়ীসহ ধোলাইখাল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেছেন, ঈদের টানা ছুটির পর এখন ব্যবসার সময়। অথচ এই সময়ে হরতালে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। ধোলাইখালের পুরোনো পার্টসের দোকানদার রিপন বলেন, ঈদের নানা খরচে পকেট খালি হয়ে আছে। এখন এভাবে ব্যবসা বন্ধ থাকলে কয়েক দিন পর না খেয়ে মরতে হবে। রিপন জানালেন, ধোলাইখালের ব্যবসাটা পুরোপুরি যানবাহন চলাচলের ওপর নির্ভর করে।
পল্টনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারিন্দার বাসিন্দা হাবিবা লোপাকে গতকাল তৃতীয় দিনের মতো পুরো পথ হেঁটে অফিসে আসতে হয়েছে। ক্ষোভের সঙ্গে হাবিবা লোপা বলেন, ‘হরতাল মানেই হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি।’ গেন্ডারিয়ার বাসিন্দা স্বপন নন্দী চাকরি করেন ফার্মগেট এলাকার একটি প্রতিষ্ঠানে। তিনি জানান, বাস ছাড়া কোনো গতি নেই। ভাগ্য ভালো থাকলে যদি বাস পাওয়াও যায়, সে জন্য সইতে হয় মানুষের ধাক্কাধাক্কি।
টিকাটুলী এলাকার একটি হাসপাতালের সামনে স্ত্রী এবং নবজাতক নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় আশিকুর রহমানকে। বললেন, ‘বউ-বাচ্চা নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করেও কোনো গাড়ি পাইনি।’ক্ষোভের সঙ্গে মন্তব্য করলেন, ‘যে দলেরই হরতাল হোক না কেন, এতে সাধারণ মানুষের কোনো লাভ হয় না, কেবল ভোগান্তি বাড়ানো ছাড়া হরতালের আর কোনো উপযোগিতা নেই।’
হরতালে গণপরিবহন তুলনা-মূলকভাবে কম চলায় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় অবর্ণনীয় সংকটে পড়েছে পুরান ঢাকার বাসিন্দারা। হরতাল হলেই এখানকার নাগরিক জীবনে নেমে আসে একধরনের স্থবিরতা।