‘হরতাল হলিই হামাকেরে প্যাটত লাত্তি পড়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার স্টেশন সড়কের বিআরটিসি মার্কেটের সামনে প্রতিদিন জুতা সেলাইয়ের কাজ করেন অশীতিপর গোপাল চন্দ্র দাস। এ কাজ করে প্রতিদিন তিনি ৫০ থেকে ৬০ টাকা রোজগার করেন। ওই টাকায় চাল, ডালসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে বাড়ি ফেরার পর চুলা জ্বলে বাড়িতে।গতকাল সোমবার বেলা একটায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, জুতা সেলাই বা রং করার জন্য এখন পর্যন্ত একজনও আসেনি তাঁর কাছে। রোজগার হয়নি এক টাকাও। তিনি বলেন, ‘হরতাল হলিই হামাকেরে প্যাটত লাত্তি পড়ে। কামাই-রোজগার হয় না, রাতোত বাড়িত ফিরলি চুলা জ্বলে না, খালি প্যাটত না খায়্যা উপোস থাকা লাগে।’স্টেশন সড়কের পান-সিগারেটবিক্রেতা আবেদ আলী বলেন, ‘হরতালে হামাকেরে মতন গরিবের কত কষ্ট হয়, সেটা কেউ দেকে না। হরতালে শহরত লোকজন আসে না, হামাকেরে বেচাবিক্রিও হয় না। রাতত বউ-ছল লিয়ে না খ্যায়া থাকা লাগে।’ শহরের কাটনারপাড়ার আখের রসবিক্রেতা কাজিউল ইসলাম বলেন, ‘সারা দিন রস বেচে দুই-তিন শ টেকা কামাই হয়। হরতালে লোকজন নাই। রস খাবি কে? দুপুর হয়্যা গেল, এক গেলাস রসও বেচপার পারি নাই।’সেউজগাড়ি রেল কলোনির রিকশাচালক শাহিন মিয়া বলেন, বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে। রিকশার চাকা না ঘুরলে সংসারে ভাত জোটে না। তিনি বলেন, ‘হামাকেরে কষ্ট কেউ বুঝপার পারে না। পিকেটারেরা মারধর করে, রিকশা ভাঙচুর করে, হাওয়া ছাড়ে দেয়। হরতাল দিয়্যা লেতারা তো গদিত যাবি, আজনীতি করবি, টেকা কামাবি। কষ্ট খালি হবি হামাকেরে। সংসদত হরতাল বন্ধের আইন পাস করলি হামাকেরে মতো গরিব মানুষ শান্তিত থাকপি, দ্যাশও ভালো থাকপি।’রাজমিস্ত্রি পুরান বগুড়ার আশরাফ আলী বলেন, ‘খালেদা হরতাল দিচ্চে আর হাসিনা হরতাল ঠেকাচ্চে। মাঝখান থ্যাকি খালি কিছু মানুষ মরিচ্চে। কারণ, লেতারা হরতাল দিয়ে এসি বাতাসত বসে থাকেন। রাজপথত লাফালাফি করে খালি গরিব মানুষেরা। গুলি চালালে লেতারা মরে না। মরে গরিব মানুষ। লেতারা যদি জনগণক ভালোই বাসে, তাহলে হরতাল না দিয়্যা সংসদ ঘেরাও করে না ক্যান। লেতারা তা করবি না। কারণ, তারা রক্ত দিবি না। রক্ত লিবি খালি হামাকেরে।’