‘হরতালের লাইগ্যা তিন দিনের হিসাব কইরা কাঁচামাল কিনছিলাম। কিন্তু প্রথম দিনে বেচা-বিক্রি কিছুই হয় নাই। বেচুম কার কাছে, জামায়াতের ভয়ে রাস্তায় তো লোকই নামে নাই।’ হতাশা ভরা কণ্ঠে জানালেন সবজি বিক্রেতা মো. রাসেল। তাঁর খেদোক্তি, ‘যারা হরতাল ডাকে, হেগোরে তো আর আমাগো মতো খাইটা খাইতে হয় না।’
জামায়াতে ইসলামীর ডাকা দুদিনের হরতালের প্রথম দিনে গতকাল বুধবার নিজের জীবনজীবিকা নিয়ে এভাবেই হতাশা প্রকাশ করেন খিলগাঁও বাজার এলাকার এই ক্ষুদ্র ব্যবসায়ী।
রাসেলের মতোই অলস সময় কাটাচ্ছেন বায়তুল মোকাররম মসজিদের সামনের দোকানদারেরা। কেউ কাপড়, কেউ বই, কেউ জুতা সাজিয়ে বসেছেন, কিন্তু ক্রেতা নেই। দিনভর ব্যস্ত এই এলাকা গতকাল বেলা সোয়া দুইটায় প্রায় জনশূন্য দেখা গেল।
রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেল, ক্রেতা না থাকলেও দোকান খুলেছেন প্রায় সবাই। ফুটপাতের ওপর বিভিন্ন ফলের পসরা, কাপড়ের অস্থায়ী দোকান, ঠেলায় শাকসবজি—সবই আছে; কিন্তু তেমন কোনো ক্রেতা নেই। গুলশান ডিসিসি মার্কেটের কোনায় চা বিক্রেতা আবদুল জানান, হরতালে রিকশাচালকেরাই মূল ক্রেতা। কিন্তু পিকেটারদের ভয়ও রয়েছে।
কেন, পুলিশ আছে না—এ কথা বলতেই আবদুলের অট্টহাসি। ‘আরে জামায়াতের পিকেটারগো দেইখা পুলিশ আগেই ভাগে।’
বেলা তিনটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামতেই পুরো স্টেশন লোকে লোকারণ্য, কিন্তু পর্যাপ্ত গণপরিবহন নেই। রিকশা রয়েছে কিছু। দু-তিনটা হিউম্যান হলার (লেগুনা)। কিন্তু তাতে যাত্রীদের ভোগান্তি মিটছে না। বাস নেই। সরকারি বিআরটিসি বাস চলছে, তবে তাতে ভয়ে উঠছেন না লোকজন।
পৌনে পাঁচটায় বিআরটিসিতে চড়ার আতঙ্ক দেখা গেল মতিঝিলের ব্যাংক পাড়াতেও। অফিস ছুটির পর অধিকাংশই চড়ছেন রিকশায়, এমনকি ভ্যানেও। শাপলা চত্বরের সামনে রিকশার অপেক্ষায় থাকা সোনালী ব্যাংকের কর্মকর্তা শামসুদ্দিন বলেন, ‘হরতালে বাসে ওঠা ঠিক নয়। কেউ ককটেল বা বোমা ছুড়লে বা আগুন লাগিয়ে দিলে জীবন বাঁচানো মুশকিল। রিকশা বা ভ্যানে থাকলে পালানোর রাস্তা থাকে।’
ব্যাংক পাড়ায় ছুটির পর অন্য দিন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাট-বাজারের ব্যস্ততা দেখা যায়। কিন্তু গতকাল ছিল ভিন্ন চিত্র। বাংলাদেশ ব্যাংকের সামনে সড়কে আমড়া ও জাম্বুরা বিক্রি করেন শহীদুর রহমান। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা, এই এক ঘণ্টায় তিনি এক থেকে দেড় হাজার টাকার ফল বিক্রি করেন। গতকাল সারা দিনে বিক্রি করেছেন মাত্র ৮০ টাকার ফল।