‘হরতালকে সাগরে ডুবিয়ে দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ জন্য হরতালকে দেশ থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিতে হবে। এ ব্যাপারে দেশবাসীকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন। গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত একটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্মব্যবসায়ীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশকে কেন্দ্র করে কাবা শরিফের ছবি নিয়েও তাঁরা বিভ্রান্তি সৃষ্টি করছে। অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ ১৬৩ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য কুশিয়ারা পাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবির পক্ষে চুক্তিতে সই করেন কোম্পানি সচিব মো. আজিজুল ইসলাম এবং কুশিয়ারা পাওয়ার কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সিলেট-৩ আসনের সরকারদলীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, বিদ্যুৎসচিব মো. মনোয়ার ইসলাম, জ্বালানিসচিব মো. মোজাম্মেল হক খান, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, পিডিবির চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব খান প্রমুখ উপস্থিত ছিলেন। গ্যাসভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম পর্যায়ের (সিঙ্গেল সাইকেল) ১০৯ মেগাওয়াট উৎপাদনে আসবে আগামী ১৮ মাসের মধ্যে। অবশিষ্ট ক্ষমতার উৎপাদন শুরু হবে এর পরবর্তী চার মাসের মধ্যে। ২২ বছর ধরে এ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনবে পিডিবি। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে দুই টাকা এক পয়সা।চুক্তি সইয়ের আগে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা পূরণে এ কেন্দ্রটি সহায়তা করবে। গত চার বছরে সরকার অনেক বিদ্যুৎ উৎপাদন করেছে। তবে স্বয়ংসম্পন্ন হতে আরও তিন-চার বছর লাগতে পারে।