‘হরতালত আঁরার জান শেষ অই যারগই। ব্যবসা-বাণিজ্য প্রায় বন্দ, বেচাকিনা মোটেও নাই। এরহইম্যা হরতাল আর কদিন চলিব?’ গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের কানাইয়া বাজারের পান-সুপারি বিক্রেতা রাজীব দে (২২) ক্ষোভের সঙ্গে এসব কথা তুলে ধরেন।
রাজীবের বাড়ি শহরের ঘোনারপাড়ার পাহাড়ে। দীর্ঘ ১০ বছর ধরে মা সুমতি বালা দেকে (৫৫) সঙ্গে নিয়ে রাজীব এই বাজারে পান-সুপারির ব্যবসা করছেন। দোকান থেকে দৈনিক লাভ হয় ৩০০-৪০০ টাকা। এই টাকায় চলে সাংসার এবং ছোট দুই ভাইবোনের লেখাপড়া। কিন্তু টানা তিন দিনের হরতালে বেচাকেনা বন্ধ থাকায় তাদের বিপাকে পড়তে হচ্ছে। রাজীবের পাশের দোকানদার অরবিন্দ দে (৫০) বলেন, প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার টাকার পান-সুপারি বিক্রি করলে তাঁর লাভ থাকে ৩০০-৩৫০ টাকা। কিন্তু হরতালে দৈনিক ৫০০ টাকার পান-সুপারিও বিক্রি হচ্ছে না। এ কারণে সাত সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।
দেখা গেছে, এই বাজারে মাছ, মুরগি ও তরকারি বিক্রির ৪৫টি স্থায়ী দোকানের পাশাপাশি আরও ৪০টি ভ্রাম্যমাণ ফলমুল-শাকসবজি বিক্রির দোকান রয়েছে। হরতালের কারণে এসব দোকানিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মরিচ, বরবটি, করলা বিক্রেতা করিম উল্লাহ (৪৫) বলেন, ‘বাজারের প্রবেশমুখে (রাস্তায় বসে) তরকারি বিক্রি করতে বসলে দৈনিক ৫০ টাকা ইজারা দিতে হয়। কিন্তু সারা দিন কয়েক শ টাকার তরকারি বিক্রি করে ৫০ টাকা লাভ করা যাচ্ছে না। হরতাল আমাদের শেষ করে দিচ্ছে।’
শহরের বাহারছড়া, বড়বাজার, কালুর দোকান বাজার ঘুরেও একই চিত্রি দেখা গেছে। বড়বাজারের ব্যবসায়ী জাফর আলম (৫০) বলেন, তিন দিনের টানা হরতালে তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ রয়েছে। ফলে প্রতি কেজি পণ্যের বিপরীতে ১০-৩০ টাকা বেশি আদায় হচ্ছে। কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, ট্রাকসহ পরিবহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে মালামাল আনা যাচ্ছে না। হরতাল সাধারণ মানুষের বেশি ক্ষতি করছে। আয়-রোজগার বন্ধের পাশাপাশি গরিবদের বেশি দামে পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে।