'হরতালত তাঁরার লাভ আঁরার মাথাত বাড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালে একদিকে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম, অন্যদিকে দেখা দিয়েছে কাজের অভাব। দুইয়ে মিলে নাভিশ্বাস হয়ে উঠছেন সীতাকুণ্ডের চাতাল, বিভিন্ন রড তৈরির কারখানা ও জাহাজভাঙা শ্রমিকেরা। রাজনৈতিক দলগুলোর টানাপোড়েনের কারণে বিরোধী দল কিংবা জোটের ডাকা হরতাল-অবরোধে সীতাকুণ্ডের শ্রমিকেরা কাজের অভাবে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
সীতাকুণ্ডের উত্তর মছজিদ্দা এলাকার চাতালশ্রমিক শেফালি দাস বলেন, ‘ও বাজি হরতালত তাঁরার লাভ, আঁরার মাথাত বাড়ি। কেউ আঁরার কথা চিন্তা ন গরে। আঁরা খাইত পারির না ন পারির কেউ নঅ দেখে। তাঁরা আছে তাঁরার তালত।’ অর্থাৎ ও সাহেব, হরতালে তাদের লাভ। আমাদের মাথায় বাড়ি। কেউ আমাদের কথা চিন্তা করে না। আমরা খাচ্ছি নাকি খাচ্ছি না কেউ তা দেখে না। তারা সবাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
শেফালি দাস আরও বলেন, গত টানা হরতালে বেশি বেকায়দায় পড়তে হয়েছে তাঁদের। কোথাও কাজ নেই। অলস বসে সময় কাটাচ্ছেন তাঁরা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুস সাত্তার মিয়া বলেন, সীতাকুণ্ডে দুই হাজার চাতালশ্রমিক রয়েছেন। তাঁদের অনেকের অবস্থা এমন যে পরপর হরতাল পড়লে অর্ধাহারে থাকতে হয়।
ঢাকা থেকে কাজ করতে সীতাকুণ্ডের কুমিরায় একটি রড তৈরি কারখানায় আসেন হূদয় মোহামঞ্চদ নামে এক শ্রমিক। তিনি বলেন, হরতালের কারণে কারখানায় কাঁচামাল আসতে পারছে না বলে কাজ নেই। তাই বেতনও নেই। স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে টাকা ধার করে চলছেন তিনি। পরিবারের জন্য কোথা থেকে টাকা পাঠাবেন বুঝতে পারছেন না। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও সিকো স্টিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দীন বলেন, জাহাজভাঙা কারখানায় প্রায় দুই লাখ ও রোলিং মিলসে ৮০ হাজার শ্রমিক কাজ করেন। হরতালে অক্সিজেন সরবরাহ না থাকায় জাহাজ কাটা বন্ধ, তা ছাড়া উৎপাদিত পণ্য ও কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় প্রায় কারখানাই বন্ধ রয়েছে। যার কারণে কাজ না থাকায় শ্রমিকেরা বেতন পাচ্ছেন না।
এদিকে সীতাকুণ্ডের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিনই সবজি, মাছ, চালসহ নিত্য ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। কাজকর্ম না থাকায় ওই সব শ্রমিকের পুরোপুরি বাজার করতে হচ্ছে বন্ধু-বান্ধবের কাছ থেকে টাকা ধার করে।