'হরতালত হার লাব আঁরা বুঝি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরতালত হাজহর্ম গরিত নপারিলে, আঁরা যারা গরিব মানুষ-তারার পেডত ভাত নজুটে। ক্ষুদার জ্বালায় পোয়া-মাইয়া হান্নাহাটি গরে। হরতালত হার লাব আঁরা বুঝি। হরতালত হন নেতাকর্মীত আর নহায়-নথাকে।’
গতকাল রোববার সকালে হরতালের প্রথম দিনে কক্সবাজার শহরের প্রধান সড়কের শহীদ মিনারে দাঁড়িয়ে এসব কথা তুলে ধরেন দিনমজুর সৈয়দ উল্লাহ (৫০)। সৈয়দ উল্লাহর বাড়ি কক্সবাজার শহরের নাজিরারটেক গ্রামে। সমুদ্র উপকূলে তিনি শুঁটকি উৎপাদন করে ছয় সদস্যের সংসার চালাতেন। বৃষ্টির কারণে কয়েক দিন ধরে শুঁটকি উৎপাদন বন্ধ রয়েছে। এতে অন্তত ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। এ সময় সৈয়দ উল্লাহ শহরে রিকশা চালিয়ে আয়-রোজগার করতেন। কিন্তু গতকাল হরতাল থাকায় তিনি রিকশা ভাড়া পাননি। দিনমজুরি কাজের জন্য শহীদ মিনার চত্বরে অনেকক্ষণ বসেও কারও সাড়া মেলেনি।
সৈয়দ উল্লাহর পাশে বসা দিনাজপুরের সাইদুল ইসলাম (৪৫) ও কুতুদিয়ার নবী হোসেন (৪৪) বলেন, হরতালের কারণে উত্তরবঙ্গসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা অন্তত দেড় লাখ শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন।
গতকাল সকাল থেকে শহরের প্রধান সড়কে অল্প পরিমাণ ব্যাটারিচালিত যান টমটম, রিকশা চলাচল শুরু করে। সকাল সাতটার দিকে বাজারঘাটা, আইবিপি সড়কে একাধিকবার ককটেল বিস্ফোরণ ও কয়েকটি টমটম ভাঙচুর হলে যান চলাচল বন্ধ থাকে। সকাল ও দুপুরে চকরিয়া পৌর এলাকায় বিএনপি-জামায়াতের সঙ্গে র‌্যাব-পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফলে কক্সবাজার-টেকনাফ এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।
টেকপাড়ার টমটম চালক শামসুল আলম বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি টমটম চালিয়ে দৈনিক ৩০০-৪০০ টাকা আয় করে সংসার চালাচ্ছি। কিন্তু হরতালের কারণে আয়-রোজগার বন্ধ, সংসার চালাব কী দিয়ে?’
কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, তিন দিনের টানা হরতালে জেলার অন্তত দুই লাখ শ্রমজীবী মানুষ বেকার জীবন কাটাচ্ছেন। হরতালের বিকল্প কর্মসূচি দেওয়া হলে এই দুর্ভোগ থাকত না।