‘হরতালে ট্রাইব্যুনাল বসে থাকবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে আসামিপক্ষের আইনজীবীরা না এলে ট্রাইব্যুনাল বসে থাকবেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বলেছেন, তাঁরা সিদ্ধান্ত দিয়ে দেবেন।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে জেরা করার ধার্য দিনে গতকাল মঙ্গলবার আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল এসব কথা বলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল মুজাহিদের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন না।আসামিপক্ষের সহযোগী আইনজীবী গাজী এম এইচ তামিম বৃহস্পতিবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবির আরজি জানিয়ে বলেন, মিজানুর রহমান ‘ব্যক্তিগত কারণে’ আসতে পারেননি। বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে ফরিদপুরে যাবেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘হরতালে মিজানুর রহমান ঢাকা থেকে ফরিদপুরে যাবেন আর ট্রাইব্যুনালে আসতে পারবেন না? এভাবে আপনারা হরতালে না এসে আপনাদের মক্কেলের প্রতি অবিচার করছেন। দেখাতে পারবেন, দেশ স্বাধীন হওয়ার পর হরতালে কোনো আইনজীবীর নিরাপত্তাহানি হয়েছে? আপনারা চাইলে পুলিশি নিরাপত্তা নিতে পারেন। কিন্তু সেটাও নিচ্ছেন না। আবার হরতালে আসছেনও না। এতে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে। আপনাদের বারবার বলা হচ্ছে, হরতালে অনুপস্থিত থাকবেন না। এভাবে না এলে আমরা তো বসে থাকব না। আমাদের সিদ্ধান্ত দিয়ে দেব। তখন আপিল বিভাগে গিয়ে বলবেন, আপনাদের সময় দেওয়া হয়নি। কিন্তু রায়ে আপনাদের এভাবে দিনের পর দিন অনুপস্থিত থাকার কথা উল্লেখ থাকবে। এভাবে ফ্রি স্টাইলে চলতে পারে না।’ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের না-হয় একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি আসতে পারেন না। কিন্তু সৈয়দ মিজানুর রহমানকে রাস্তায় কতজন মানুষ চেনেন? তিনি কেন আসতে পারবেন না?পরে আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদকে ট্রাইব্যুনাল বলেন, ‘অতীতে আপনাদের অনুরোধে অনেকবার আমরা মামলার কার্যক্রম মুলতবি করেছি। কিন্তু এভাবে হরতালে আপনার আইনজীবী না এলেও আমাদের মামলার কার্যক্রম চালিয়ে যেতে হবে। আলীমের আইনজীবীরা নিরাপত্তা চেয়েছেন, আমরা দিয়েছি। চাইলে আপনার আইনজীবীরা পুলিশি নিরাপত্তা নিতে পারেন। আপনার আইনজীবীকে নিয়মিত ট্রাইব্যুনালে আসতে বলবেন।’পরে এ মামলার কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল বলেন, ‘এবারের মতো শেষ সুযোগ দেওয়া হচ্ছে। ওই দিন যে অবস্থাই থাকুক না কেন, আপনার আইনজীবীদের আসতে বলবেন।’