‘হরতালে না খাইয়া থাকা লাগে’
চল্লিশোর্ধ্ব সালাউদ্দিন পেশায় দিনমজুর। বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। নয় বছর ধরে সিলেট নগরের রেলস্টেশন এলাকার একটি বস্তিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে পাঁচ সদস্যের সংসার। প্রতিদিন মানুষের বাড়িতে কামলা খেটে ২০০ টাকা আয় করেন। এই টাকা দিয়েই কোনোমতে সংসার চলে। তাই কোনো কারণে এক দিন কাজ করতে না পারলে পরিবারের সদস্যদের নিয়ে ওইদিন উপাস থাকতে হয়। প্রতিদিনের মতো গতকাল সোমবারও কাকডাকা ভোরে সালাউদ্দিন নগরের বন্দরবাজার এলাকার ‘শ্রমের হাট’ হিসেবে পরিচিত স্থানটিতে আসেন। ওই স্থান থেকেই দিনমজুর হিসেবে এক দিনের জন্য বিভিন্ন বাসাবাড়ি কিংবা অন্য কোনো কাজের জন্য বিক্রি হন। সচরাচর সকাল আটটার মধ্যেই কাজ জুটে যায়। কিন্তু হরতালের কারণে গতকাল দুপুর ১২টার দিকেও তিনি কোনো কাজ পাননি। কাজ না পেয়ে অনেকটা অসহায় ভঙ্গিতে পুলিশ আর পিকেটারদের দৌড়ঝাঁপ দেখছিলেন।আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘নেতারা-নেতারা গন্ডগোল কইরা হরতাল ডাকব। আর ইটার ভোগান্তি যায় পড়ে আমরার উপর দিয়া। হরতালে কোনো কাম-কাজ পাই না। ই-সময় আমরার বেকার থাকন লাগে। আর বেকার মানে ওইদিন চাইল-ডাইল কিনা যায় না। তাই হরতালে না খাইয়াই থাকা লাগে।’ কথা শেষ করেই আচমকা শব্দ করে কেঁদে ওঠেন তিনি। তাঁর কান্নার শব্দ শুনে আশপাশের প্রায় ১০০ দিনমজুর পাশ ফিরে তাকান। তাঁরাও হরতালের কারণে কোনো কাজ না পেয়ে এক জায়গায় টুকরি-কোদাল জড়ো করে বেকার বসে রয়েছেন।সালাউদ্দিন বলেই চলছেন, ‘ছেলেডা স্কুলও পড়ে। ও কইছিল খাতা-কলম কিন্না নেওয়ার লাইগা। আজ তো কাম-ই পাইলাম না। চাইল-ডাইলই তো কিনতাম পারতাম না। আবার খাতা-কলম কিনমু কেমনে? গতকাইলও (রোববার) কাম পাইনি। রাতে খাইওনি।’ কথা শেষ করে তিনি এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। এ সময় পাশে থাকা দিনমজুর হারুন মিয়া (৪১) তাঁকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন।তিনি বলেন, ‘হরতাল দিলে আমরার বিপদ। কাম না থাকায় হাতে টাকাও আসে না। এই কারণে না খাইয়া থাকতে হয়। গত তিন দিনের হরতালের পর আবারও টানা দুই দিন হরতাল। এইটা কোনো কথা হইল? আলাপ-আলোচনায় কি সমস্যার সমাধান হয় না?’ শাহাব উদ্দিন নামের আরেক শ্রমিক জানান, তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ সাত সদস্যের পরিবার নিয়ে দক্ষিণ সুরমা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। হরতালের কারণে কাজ না পেয়ে ঋণ করে চলতে হয়। লুৎফুন্নেসা নামের এক নারী শ্রমিক বলেন, ‘হরতাল হলে অসুবিধা না কিলা? ই-সময় কেউ কামে নেয় না। আমরার লাগি হরতাল খারাপ। কারার লাগি ভালা, তা জানি না।’সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘আমরা যেমন চাই না ইলিয়াস আলীর মতো একজন নেতা গুম হয়ে যাক, তেমনি চাই না বিরোধী দলের হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি। হরতাল কোনো সমস্যার সমাধান হতে পারে না। জনগণের স্বার্থে হরতালের বিকল্প কর্মসূচি বের করা উচিত।’নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম কিম বলেন, ‘সরকারের দায়িত্বজ্ঞানহীন নির্লিপ্ততা ও বিরোধী দলের কাণ্ডজ্ঞানহীন কর্মসূচি নাগরিক জীবনকে করে তুলেছে দুর্বিষহ। এ অবস্থায় নাগরিক সমাজকে উচ্চকণ্ঠে প্রতিবাদ করা প্রয়োজন।’