‘হরতালে পরিবহন খাত ধ্বংস হয়ে গেছে’
হরতালে সবচেয়ে বেশি ক্ষতি হয় পরিবহন মালিকদের। হরতালে কিশোরগঞ্জের পরিবহন খাত ধ্বংস হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী আবেদ হোসেন, জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক বাদল রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমনুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদউল্যাহ প্রমুখ।বক্তারা বলেন, কিশোরগঞ্জের ৫০০ বাসের ৩৫০টি বিভিন্ন কোম্পানি থেকে ঋণ করে আনা হয়েছে। প্রতি মাসে ৫০ থেকে ৬২ হাজার টাকা করে কিস্তি দিতে হয়। হরতালের কারণে কিস্তির টাকা দিতে না পারায় মালিকেরা দেউলিয়া হয়ে পড়েছেন। হরতাল সাধারণ মানুষের জীবনেও চরম দুর্ভোগ ডেকে আনে। তাই হরতালের মতো জঘন্য কর্মসূচি পরিহার করা উচিত।