‘হরিণের মাংস’সহ সাংসদের ভাই আটকের পর ছাড়া
এক সাংসদের ভাই ও পাঁচজনকে ‘হরিণের মাংস’সহ আটকের আড়াই ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। গত শনিবার সকাল আটটার দিকে মাইক্রোবাসে করে সুন্দরবন থেকে সাতক্ষীরার দিকে আসার সময় শ্যামনগর উপজেলা সদরের খানপুর এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।আটক ব্যক্তিদের মধ্যে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাংসদ কাজী কেরামত আলীর ভাই কাজী ফরিদ ছিলেন। তবে কাজী ফরিদের দাবি, তাঁরা সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ এলাকা থেকে হরিণের মাংস কিনেছিলেন। দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার কাজী ফরিদ, একই এলাকার সাইফুল ইসলাম, বিনোদপুর এলাকার কাজী আলী আহসান, মাগুরা শহরের ইসলামপুরপাড়ার তারেক মোর্শেদ, কাউন্সিলপাড়ার আজিজুল ইসলাম ও দরি মাগুরার হারুন-অর রশিদ মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি এলাকা দিয়ে সুন্দরবনে ঢোকেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন মুন্সিগঞ্জ এলাকার শিকারি আবুল বাসার। সুন্দরবনের দোবেকি এলাক থেকে তাঁরা দুটি হরিণ শিকার করেন বলে সূত্রটি জানিয়েছে। সন্ধ্যার দিকে ফিরে এসে মুন্সিগঞ্জে রাত যাপন করেন তাঁরা। সেখান থেকে শনিবার সকালে একটি মাইক্রোবাসে করে ‘হরিণের মাংস’ নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক সুরেশ হালদার খানপুর নামক স্থানে তাঁদের আটক করেন। গাড়ি তল্লাশি করে হরিণের ৪০-৪৫ কেজি মাংস উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাস, মাংসসহ পুলিশ ছয়জনকে থানায় নিয়ে আসে। থানায় আড়াই ঘণ্টা আটকে রাখার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।শ্যামনগর থানার উপপরিদর্শক সুরেশ হালদার জানান, মাইক্রোবাস থেকে পাঁচ-সাত কেজি মাংস উদ্ধার করা হয়। একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা মাংস পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে পাঠানো হবে। কাজী ফরিদ দাবি করেন, বন বিভাগের অনুমতি নিয়ে তাঁরা সুন্দরবনে যান। সন্ধ্যায় ফিরে এসে রাতে তাঁরা মুন্সিগঞ্জ এলাকায় থাকেন। সকালে হরিণের মাংস বিক্রি হচ্ছে জানতে পেরে এক ব্যক্তির কাছ থেকে ১৮০ টাকা কেজি দরে ১৫ কেজি মাংস কেনেন। পরে জানতে পারেন, বিক্রিতা তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। হরিণের মাংসের পরিবর্তে তাঁদের গরু বা ছাগলের মাংস দেওয়া হয়েছে। তবে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মাসুদ খান বলেন, শুক্রবার ওই নামে মুন্সিগঞ্জ বন ফাঁড়ি থেকে কেউ অনুমতি নিয়ে সুন্দরবনে যাননি। গিয়ে থাকলে বিনা অনুমতিতে গিয়েছিলেন।