‘হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা জড়িত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিলেন বলে জানিয়েছেন ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শ্যামল কান্তি নাথ। দুর্নীতি দমন কমিশনে (দুদক) গতকাল বুধবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গতকাল শ্যামল কান্তি নাথসহ সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অপর চার কর্মকর্তা হলেন: কেন্দ্রীয় কার্যালয়ের বাণিজ্য ও অর্থ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মোরশেদ আলম খন্দকার ও নেসার আহমেদ এবং সহকারী মহাব্যবস্থাপক আবুল মোমিন পাটোয়ারী ও শামীম আখতার।দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল তাঁদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর শ্যামল কান্তি নাথ সাংবাদিকদের বলেন, ‘এই অর্থ কেলেঙ্কারির সঙ্গে ব্যাংকের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত। ঘটনাটি এমনভাবে ঘটেছে যে, আমরা আগে আঁচ করতে পারিনি।’