‘হলমার্কের এমডির বাসায় ব্যাংকের অনেকে দাওয়াত খেয়েছেন’
হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে গতকাল সোমবার সোনালী ব্যাংকের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন বিভাগের কর্মকর্তা।জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হলমার্ক গ্রুপের অফিসে সোনালী ব্যাংকের অনেক কর্মকর্তাই যেতেন। এমনকি হলমার্কের এমডির বাসায় অনেকে দাওয়াতও খেয়েছেন।হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক ঢাকা শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক দুই হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেয়।গতকাল এ ঘটনায় আরও যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাঁরা হলেন: ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজাজ আহমেদ ও মো. আলী হোসেন খান, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা জেসমিন নাহার ও জুনিয়র কর্মকর্তা মো. জিল্লুর রহমান।