‘হাঁচ হোলামাইয়া অঁন (ছেলেমেয়ে এখন) খাইবো কী? সংসার চইলবো কেমনে, হিগুনের লেয়াপোড়া কেন্নে অঁইবো?’
এভাবেই রিকশাচালক মফিজুর রহমানের লাশের পাশে বসে শারীরিক প্রতিবন্ধী স্ত্রী সেতারা খাতুন আর্তনাদ করছিলেন। গতকাল সন্ধ্যায় লাশ বাড়িতে আনা হয়।
ফেনীর দাগনভূঞার সিলোনীয়া বাজারে গত সোমবার দুপুরে যুবলীগ, পুলিশ ও শিবিরের সংঘর্ষে রিকশাচালক মফিজুর রহমান (৪০) গুলিবিদ্ধ হন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল জব্বারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে সিলোনীয়া বাজার এলাকায় পেট্রল পাম্পে অবরোধের সময় মোটরসাইকেল চালানো নিয়ে প্রথম যুবলীগ-ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তখন ফারুক নামের যুবলীগের এক কর্মী আহত হন। এ সময় শিবিরের কর্মীরা তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বেলা একটার দিকে ফেনী-৩ আসনে (দাগনভূঞা-সোনাগাজী) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাশার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সিলোনীয়া বাজার এলাকা হয়ে আবার দাগনভূঞা ফিরফিলেন। তখনো শিবিরের কর্মীরা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় প্রথম পুলিশ তাঁদের ধাওয়া দিলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। শিবিরও ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা শিবিরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের সময় রিকশাচালক মফিজুর রহমান গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। সোমবার দুপুরে তাঁকে প্রথমে সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে তিনি মারা যান।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে লাশ গ্রামের বাড়িতে পৌঁছে। তাঁর পাঁচ ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে সুমন মিয়া (২০) সিএনজি সহকারী, মেজো ছেলে আমীর হোসেন (১৭) রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ শুরু করেছেন। মেয়ে শামীমা আক্তার অষ্টম শ্রেণীতে, ছেলে মো. আকাশ (৮) তৃতীয় শ্রেণীতে এবং ছোট ছেলে মো. পলাশ (৬) প্রথম শ্রেণীতে লেখাপড়া করে। জমিজমা নেই। মূলত মফিজের আয়েই তাঁদের সংসার চলত।