
সড়কটির ফুটপাত বলতে কিছু নেই। বৃষ্টি হলে খানাখন্দে ভরা সড়কটি কাদাপানিতে একাকার হয়ে যায়। সে সময় গাড়ির চাকা গর্তে পড়লে পানি ছিটকে পড়ে পথচারীদের গায়ে।
পশ্চিম ধানমন্ডির ৮/১ সড়কের (পুরোনো ১৫ নম্বর) সড়কের চিত্র এটি। ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থিত বিপণিবিতান কেয়ারি প্লাজা ও প্রাইম ব্যাংক আই হসপিটালের মাঝ দিয়ে সড়কটি পশ্চিম দিকে চলে গেছে রায়েরবাজারের দিকে।
গত বুধবার সড়ক ধরে পশ্চিম দিকে একটু এগোতেই দেখা যায় খানাখন্দ। বৃষ্টির কারণে গর্তগুলোতে জমে আছে কাদাপানি। এসব কাদাপানি মাড়িয়ে সতর্কভাবে চলার চেষ্টা করছেন পথচারীরা। কিন্তু গাড়ির চাকা গর্তের মধ্যে পড়ে কাদাপানি ছিটকে অনেকের জামাকাপড় নষ্ট হয়ে যাচ্ছে।
বুধবার সড়ক দিয়ে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফনান ইসলাম। এ সময় তাঁর গায়ে ময়লা পানি ছিটকে পড়ে। কাদাপানিতে নষ্ট হয়ে যায় পোশাক। ক্ষুব্ধ আফনান ইসলাম বলেন, রাস্তার এমন অবস্থার কারণে হাঁটতেও ইচ্ছা করে না। তার ওপর গাড়ির কারণে ময়লা পানি এসে গায়ে পড়ে।
ব্যবসায়ী মো. সেলিম রেজা বলেন, ‘এ রাস্তা এক বছরের বেশি সময় ধরে ভাঙা। এলাকায় সিটি করপোরেশনের কোনো কাজ দেখি না। সাময়িকভাবে কিছু সংস্কার কাজ হয়, সেগুলো স্থায়ী হয় না।’
বুধবার দেখা যায়, সড়কের শিকদার বাড়ির সামনে থেকে স্টাফ কোয়ার্টার মোড় পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ। সড়কের এই অংশে বড় বড় গর্ত। সেসব গর্তে জমে আছে পানি। স্থানীয় লোকজন বলেন, বৃষ্টি হলে এসব খানাখন্দে পানি জমে যায়। বৃষ্টি না থাকলেও সেই পানি জমে থাকে অনেক দিন। মাঝেমধ্যে কিছু ইট-খোয়া ফেলা হয়, কিন্তু এতে সমস্যার সমাধান হয় না।
বুধবার শিকদার বাড়ির সামনে ও স্টাফ কোয়ার্টার মোড়ে বড় বড় গর্তে ইট ভেঙে খোয়া ফেলতে দেখা যায়। গত মঙ্গলবার থেকে এখানে খোয়া ফেলা হচ্ছে বলে জানান একজন শ্রমিক। ইটের খোয়া ফেলার পর সেগুলোর ওপর তাঁরা বালু ছিটিয়ে দেবেন।
ইট ফেলায় সড়ক দিয়ে চলতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রিকশাচালকদের। রিকশাচালক হাবিবুর রহমান বলেন, সড়কে ওপর ইটের খোয়া ফেলায় রিকশা চালাতে কষ্ট হয়। চালকের আসন থেকে নেমে রিকশা টেনে নিয়ে যেতে হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-১) একজন কার্যসহকারী বলেন, সড়কের গর্তগুলো অনেক বড় হয়ে গেছে। এ কারণে চলাচলের উপযোগী করতে আপাতত সংস্কার করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের এই কর্মী বলেন, সাতমসজিদ রোড থেকে শুরু করে মিতালি রোড হয়ে টালি অফিস পর্যন্ত পুরো সড়কে ৪৮ ইঞ্চি চওড়া পাইপ বসানোর কাজ চলছে। মূলত বৃষ্টির পানি সরানোর জন্য এগুলো বসানো হবে। কয়েক জায়গায় কাজ শেষ হয়ে গেছে। সম্পূর্ণ কাজ শেষ হলে রাস্তা পাকা করে দেওয়া হবে। তার আগে রাস্তা চলাচলের উপযোগী রাখার জন্য সাময়িকভাবে ইটের খোয়া বসানো ও বালু দেওয়া হচ্ছে।

স্থানীয় একজন জুতা ব্যবসায়ী বলেন, এ পথে মানুষের চলতে খুব কষ্ট হয়। তিনি জানান, তিনি দুই বছর ধরে এই সড়কের পাশে ব্যবসা করছেন। এ সময়ের মধ্যে তিনি সড়কের কাজ হতে দেখেননি।
সড়কের এই অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এই সড়কের কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে পুরোপুরিভাবে কাজ করা যাচ্ছে না। তিনি বলেন, আগামী ঈদ নাগাদ সড়কের কাজ শেষ হয়ে যাবে।