'হাঁটার অভ্যাস করুন শরীরকে সুস্থ রাখুন'

‘হাঁটার অভ্যাস করুন, শরীরকে সুস্থ রাখুন’ স্লোগানে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার নগরের শাহি ঈদগাহ এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু করে প্রায় এক কিলোমিটার ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে চল্লিশোর্ধ্ব ৩০ জন ব্যক্তি অংশ নেন। অংশগ্রহণকারী সবাইকেই পুরস্কৃত করা হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্রিগেডিয়ার (অব.) এ মালিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি হাঁটার অভ্যাস গড়তে সংগঠনের উদ্যোগকে অভিনন্দিত করে বলেন, হাঁটা সব রোগের মহৌষধ। নিয়মিত হাঁটলে হৃদ্রোগের ঝুঁকি কমে। শরীরের নানা দিক বিনা চিকিৎসায় সুস্থ থাকে। কোনো রোগ বাসা বাঁধতে পারে না। তিনি বলেন, ‘হাঁটার অভ্যাস ভালো, সবাই জানার পরও এ অভ্যাস গড়ি না। তাই এ প্রতিযোগিতা হাঁটার অভ্যাস গড়ে দিতে পারলেই সার্থকতা।’
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আবদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক ও সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবু তালেব মুরাদ, আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, মামনুর রশীদ মামুন, শামসুল ইসলাম ও কামরুজ্জামান। সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে তিন মাস পর আরও বড় পরিসরে আরেকটি হাঁটা প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।